শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে ও বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়ের বন্ধুত্বের সম্পর্ক বেশ পুরোনো। দুই বছর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে একই দলের হয়ে খেলতে গিয়ে তাদের পরিচয় হয়। এবারও দুজন খেলছেন জাফনা কিংসের জার্সিতে। একই দলে খেলতে খেলতে সেই বন্ধুত্ব আরও গভীর হয়েছে বলে জানিয়েছেন ভেল্লালাগে।
হৃদয়কে নিয়ে কথা বলতে গিয়ে ভেল্লালাগে বলেন, তিনি শুধু একজন ভালো বন্ধু নন, দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। মাঝপথে দলে যোগ দিয়েও হৃদয় যেভাবে ব্যাট হাতে অবদান রাখছেন, তাতে দলের সবাই সন্তুষ্ট।
ভেল্লালাগে বলেন, ‘দুই বছর আগেও আমরা জাফনার হয়ে একসঙ্গে খেলেছি। হৃদয় আমার খুব ভালো বন্ধু। সে একজন দারুণ ক্রিকেটার। আমাদের দলের হয়ে যেভাবে খেলছে, তাতে আমি খুবই খুশি। সে সব সময়ই আমার ভালো বন্ধু থাকবে।’
লঙ্কা প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ভেল্লালাগে এখন বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া প্রতিযোগিতায় নিয়মিত খেলছেন। তাই তাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়।
জবাবে শ্রীলঙ্কার এই অলরাউন্ডার জানান, জাতীয় দলের দায়িত্বই তার কাছে সবার আগে। তবে সেই সময় আন্তর্জাতিক ম্যাচ না থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আগ্রহী তিনি।
ভেল্লালাগে বলেন, ‘জাতীয় দলের খেলা থাকলে অবশ্যই সেখানে খেলতে হবে। কিন্তু সেই সময় যদি কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকে, তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চাই।’
তবে ভেল্লালাগের সেই ইচ্ছা পূরণ হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। কারণ চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। প্রতিযোগিতাটি আরও সুষ্ঠু ও গোছানোভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই এবারের আসর মাঠে গড়াবে কি না, সেটিও এখনো চূড়ান্ত হয়নি।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৬/টিএ



