Connect with us
ফুটবল

ইতিহাস নরওয়ের পক্ষে, কিন্তু ব্রাজিলকেই এগিয়ে রাখছে সুপারকম্পিউটার

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। দুই দলের অতীত পরিসংখ্যান নরওয়ের পক্ষে থাকলেও সম্ভাবনার হিসাবে এগিয়ে রেখেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টা। তাদের সুপারকম্পিউটারের হিসাবে, নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনা ব্রাজিলেরই বেশি।

শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। এক গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরো সমতা ফেরান। পরে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয় নিশ্চিত হয়। ওই গোলটি তৈরি করে দেন ব্রুনো গিমারায়েস। চলতি বিশ্বকাপে এটি ছিল তাঁর চতুর্থ গোলে সহায়তা। এক আসরে ব্রাজিলের হয়ে এর চেয়ে বেশি গোলে সহায়তা করার কীর্তি আছে শুধু পেলের।

তবে আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তায় আছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। চার ম্যাচে দলটি অনেকবার আক্রমণে গেলেও প্রত্যাশামতো সুযোগ তৈরি করতে পারেনি। তবু টানা চার জয়ে আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোতে খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।



অন্যদিকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে নরওয়ে। ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন আর্লিং হালান্ড। সেটিই ছিল বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের প্রথম জয়। দুর্দান্ত ছন্দে থাকা হালান্ড টানা ১৩টি আন্তর্জাতিক ম্যাচেই গোল করেছেন। ব্রাজিলের বিপক্ষেও গোল করতে পারলে বিশ্বকাপে নিজের প্রথম চার ম্যাচে গোল করা ইউরোপের অল্প কয়েকজন ফুটবলারের একজন হবেন তিনি।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের জন্য সুখকর নয়। এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে তাদের। এর একটিতেও জিততে পারেনি ব্রাজিল। দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। এছাড়া ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষেও জয় পায়নি ব্রাজিল।

তবে অতীতের হিসাবকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না অপ্টার সুপারকম্পিউটার। তাদের হিসাবে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকার সম্ভাবনা ২৪ শতাংশ।

সব মিলিয়ে শেষ আটে ওঠার সম্ভাবনাও বেশি ব্রাজিলের। অপ্টার হিসাবে, ব্রাজিলের সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ, আর নরওয়ের ৩৪ দশমিক ৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড অথবা মেক্সিকোর বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল