
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। গত শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে লাল-সুবজরা।
সাফজয়ীদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একইসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকেও আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী চ্যাম্পিয়ন দলের প্রতিটি সদস্যকে ১ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। এছাড়া দলের অন্যান্য কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন।
বাফুফের পাশাপাশি রোনান-মিঠুদের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডিএনসিসির পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
তবে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য বড় চমক রেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় দলের সাবেক এই ফুটবলারও সাফজয়ী ফুটবলারদের আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন। আগামী ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবসে অর্থ পুরস্কারের অঙ্ক ঘোষণা করবেন সাবেক এই গোলরক্ষক।
এদিকে সাফের শিরোপা নিয়ে গতকাল শনিবার (৪ এপ্রিল) রাতে মালদ্বীপ থেকে দেশে ফিরছেন রোনান-মিঠুরা। এরপর বিমানবন্দরে ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়। পরবর্তীতে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে উদযাপন করতে করতে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে যান রোনানরা। সেখানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক সংবর্ধনা দেওয়া হয় দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের।
ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৬/বিটি























