
বিগত সময়ে পেস বিভাগে অনেক দুর্বল ছিল বাংলাদেশ। বিশেষ করে এক্সপ্রেস পেসার খুঁজে পাওয়াই ছিল বেশ কঠিন। তবে সেখানে আশার আলো হয়ে হাজির হয়েছেন নাহিদ রানা। এক্সপ্রেস পেস দিয়ে ইতোমধ্যে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন এই পেসার।
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাহিদ। নিজের গতি দিয়ে পাকিস্তানি ব্যাটারদের বেশ চাপের মধ্যে রেখেছিলেন তিনি। তিন ম্যাচে এক ফাইফারসহ ৮ উইকেট তুলে নেন নাহিদ, যা এই সিরিজের সর্বোচ্চ৷ এমন পারফরম্যান্সের পর সকলের প্রশংসায় ভাসছেন রানা।
এবার তার প্রশংসা করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিপিএলে রংপুরের কোচ থাকাকালীন তার অধীনে খেলেছেন নাহিদ। তাই তাকে বেশ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আশরাফুলের। তার মতো একজন পেসারের দলে থাকাটা প্রতিপক্ষ ব্যাটারের জন্য আতঙ্কের বলে মনে করেন তিনি। তার ফর্মে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও জানিয়েছেন এই ব্যাটিং কোচ।
আশরাফুল বলেন, ‘গত দুই মৌসুম আমি রংপুরের সঙ্গে ছিলাম, আর দুবারই আমরা নাহিদ রানাকে দলে নিয়েছি। সেই সুবাদে খুব কাছ থেকে ওকে দেখার সুযোগ হয়েছে। সে বাংলাদেশ দলেও নিয়মিত খেলছে। একজন ব্যাটার হিসেবে আমি মনে করি, ১৫০ কিলোমিটার গতির একজন বোলার থাকাটা, প্রতিপক্ষের যেকোনো ব্যাটারের জন্য আতঙ্কের।’
নাহিহ রানাকে দলে রাখতে নির্বাচকদেরও উৎসাহিত করতেন আশরাফুল। তিনি বলেন, ‘সে প্রতিদিন অনেক পরিশ্রম করছে এবং উন্নতি করছে। সর্বশেষ পাকিস্তান সিরিজে সে অসাধারণ বল করেছে। তার আগে বিপিএলেও ভালো বল করেছে। লিপু ভাইদের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তাদেরকেও সবসময় বুঝিয়েছি ১৫০ গতির একজন বোলার থাকাটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
পাকিস্তান সিরিজ শেষ এবার বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ। আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা।
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/বিটি





















