Connect with us
ক্রিকেট

এবার কেন্টের হয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে খেলবেন হাসান

Hasan to play in England’s T20 league for Kent this time.
কেন্টের হয়ে রঙিন জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হাসানের। ছবি- কেন্ট ক্রিকেট

গত মাসে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। কেন্টের হয়ে ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্ট দুটি চারদিনের ম্যাচ খেলেছেন তিনি। হাসানের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে এবার তাকে টি-টোয়েন্টি লিগের জন্যও দলে নিয়েছে তারা। লাল বলের পর এবার সাদা বলেও কেন্টের হয়ে মাতাবেন এই টাইগার পেসার। 

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে নাম লিখিয়েছেন হাসান। গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে নিয়েছে কেন্ট। আজ শনিবার (৪ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট ক্রিকেট।

লঙ্গার ভার্সনের পর এবার কেন্টের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে সুযোগ পেলেন হাসান। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই পেসার। কেন্টের প্রকাশিত বিবৃতিতে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। এই টাইগার পেসার জানান, গত মাসে কেন্টে সময়টা বেশ উপভোগ করছেন তিনি। এবার নতুন করে দলের সঙ্গে ফিরতে পেরে ভীষণ আনন্দিত তিনি।



হাসান বলেন, ‘কেন্টে আগের সময়টা আমি বেশ উপভোগ করেছি। যখন ভাইটালিটি ব্লাস্টে ফিরে এসে অবদান রাখার সুযোগ এলো, তখন আমি এক মুহূর্তও দ্বিধা করিনি। সামনের তিনটি ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন্টকে নকআউট পর্বে তুলতে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমার ওপর আস্থা রাখার জন্য আমি কেন্টকে ধন্যবাদ জানাই।’

এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলের রঙিন জার্সিতে ফেরার সুযোগ দেখছেন হাসান। এখানে নিজেকে প্রমাণ করতে পারলে পুনরায় সাদা বলের ক্রিকেটে ফেরার সম্ভাবনা বাড়বে বলে মনে করেন এই পেসর। তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। আমি মনে করি বাংলাদেশের হয়ে আবারও সাদা বলের ক্রিকেটে ফেরার জন্য নিজেকে এগিয়ে নেওয়ার এটি একটি দারুণ সুযোগ।’

বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার সুযোগ পেলেন হাসান মাহমুদ। এর আগে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে এই টুর্নামেন্টে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সাসেক্সের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার। এবার কেন্টের জার্সিতে মাঠ মাতাতে যাচ্ছেন হাসান।

আগামীকাল (রোববার) হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামবে কেন্ট। সব ঠিক থাকলে এই ম্যাচে দেখা যেতে পারে হাসানকে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। এরপর ১০ জুলাই সারে এবং ১২ জুলাই মিডেলসেক্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ মুখোমুখি হবে কেন্ট।

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট