Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন হতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বার্তা দিলেন হাসান

Hasan Mahmud in Noakhali Express
নোয়াখালী এক্সপ্রেসে হাসান মাহমুদ। ছবি- সম্পাদিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের দীর্ঘদিনের চাওয়া ছিল বিপিএলে নোয়াখালীর নিজস্ব দল। এবার সেই স্বপ্নই হচ্ছে পূরণ। ইতোমধ্যে আসন্ন বিপিএলের জন্য নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল চূড়ান্ত করেছে বিসিবি। এবার সেই দলের হয়ে আঞ্চলিক ভাষায় নোয়াখালীবাসীর উদ্দেশ্যে চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিলেন হাসান মাহমুদ।

বিসিবির ছাড়পত্র পাওয়ার পর থেকেই আসন্ন বিপিএলের জন্য তোড়জোড় শুরু করেছে নোয়াখালী এক্সপ্রেস। আর শুরুতেই দুই দেশিয় তারকা ক্রিকেটার দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে দলটি। যেখানে আছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ। এছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে কুশল মেন্ডিস ও জনসন চার্লসের সঙ্গে সরাসরি চুক্তি করেছে নোয়াখালী।

এবার নোয়াখালী এক্সপ্রেস-এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। যেখানে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে শোনা যায় তাকে। নোয়াখালীবাসীর উদ্দেশ্যে এই ভিডিওতে তিনি বলেন, ‘নোয়াখাইল্লারা, বেগ্গুনে (সবাই) রেডি হও। এবার আমরা নামতেছি মাডে। চ্যাম্পিয়ন কিন্তু আমগোরেই হওয়োন লাগব। ঠিকনি?’



সেই ভিডিওর ক্যাপশনে নোয়াখালী এক্সপ্রেস লিখেছে, ‘নোয়াখালীর জার্সিতে বিপিএল মাতাতে প্রস্তুত হাসান মাহমুদ। সুইং আর গতির মিশেলে দ্য এক্সপ্রেস হাসান হবেন অপ্রতিরোধ্য, নোয়াখালী হবে দুর্বার। মাঠের প্রতিটা রানআপে হাসানের সাথে গর্জন করবে পুরো নোয়াখালীর ভক্তরা.. হাসান তো রেডি, আন্নেরা বেগ্গুনে রেডি নি? আওয়াজ কই?’

আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে আসন্ন বিপিএল ১২তম আসরের নিলাম। বিগত বেশ কিছু বছরের ড্রাফট আয়োজনের রীতি বদলে এবার নিলামের মাধ্যমে পছন্দসই ক্রিকেটার ক্রয়ের কাঠামো পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে ইতোমধ্যে নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে খালেদ মাহমুদ সুমনের নাম।

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট