
বাংলাদেশের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। রোববার (১৫ মার্চ) পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। ক্যারিয়ারসেরা ইনিংসের পর সকলের প্রশংসায় ভাসছেন তানজিদ। তবে তাকে ঘিরে এক বড় প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও কোচ হান্নান সরকার।
অনেকদিন ধরেই ওয়ানডেতে তানজিদের একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায় ছিলেন হান্নান। শেষ পর্যন্ত তানজিদ সেঞ্চুরি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত তিনি। তবে ভবিষ্যতে তানজিদের নামের পাশে অন্তত ২০টা ওয়ানডে সেঞ্চুরি দেখতে চান বিসিবির সাবেক এই নির্বাচক।
তানজিদের সেঞ্চুরির পর নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে তানজিদের কাছে নিজের প্রত্যাশার কথা জানা হান্নান। তিনি লিখেছেন, ‘ওয়ানডেতে তামিমের একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায় – প্রথম ম্যাচ শেষে লিখেছিলাম। সেই মুহূর্তটা অবশেষে এসেই গেল! প্রথম সেঞ্চুরি সবসময়ই স্পেশাল। আশা করি, ওয়ানডেতে তামিমের নামের পাশে অন্তত ২০টা সেঞ্চুরি দেখব।’

তানজিদকে নিয়ে হান্নান সরকারের স্ট্যাটাস। ছবি- সংগৃহীত
এমনকি হান্নান বিশ্বাস করেন তানজিদ তার এই প্রত্যাশা পূরণ করবেন, ‘আমার বিশ্বাস, ওর পক্ষে আমার এই চাওয়াটাও পূরণ করা খুব ভালোভাবেই সম্ভব। ইনশাআল্লাহ।’
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হান্নান। তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী। এই দলে ছিলেন তানজিদও। রাজশাহীর হয়ে ফাইনালে সেঞ্চুরির পাশাপাশি একটি ফিফটিও ছিল তার। এবার পাকিস্তান সিরিজের রানের ধারাবাহিকতা বজায় রাখছেন এই তারকা ওপেনার।
সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত খেলেন তিনি। দলের ৮ উইকেটের জয়ে ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। মাত্র ১ রান করে আউট হয়ে যান। আর সবশেষ তৃতীয় ম্যাচে ১০৭ বলে ১০৭ রানের ইনিংস খেলেন এই ওপেনার। সবমিলিয়ে ৩ ম্যাচে ৮৭.৫০ গড় ও ১১২.১৮ স্ট্রাইকরেটে ১৭৫ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/বিটি






















