
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাম্প্রতিক ব্যর্থতার পর নতুন করে দল গঠন ও কোচিং স্টাফ নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বশেষ যুব বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলকে। এরপর থেকে যুব দল নিয়ে তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি।
বর্তমান প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে জুন পর্যন্ত। তবে তার চুক্তি আর বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। ফলে সামনে নতুন কোচ নিয়োগের সম্ভাবনাও তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার হান্নান সরকার। তিনি জানিয়েছেন, এ বিষয়ে বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন।
হান্নান বলেন, তিনি সরাসরি বোর্ড এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। বোর্ডের চেয়ারম্যান ও সহ-সভাপতিকেও নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাকে জানানো হয়নি।
দীর্ঘদিন ধরে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে হান্নানের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুব দলকে এগিয়ে নিতে চান তিনি। তার ভাষায়, সুযোগ পেলে নিজের পরিকল্পনা তুলে ধরার সুযোগ চান, যাতে বোর্ড বুঝতে পারে দলটি নিয়ে তার ভাবনা কী।
সবকিছু ঠিক থাকলে যুব ক্রিকেট লিগ শেষ হওয়ার পর নতুন করে গঠিত হবে অনূর্ধ্ব-১৯ দল। তখনই নতুন কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে পারে।
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৬/টিএ























