
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সেরা ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় তাদের অবদানের স্বীকৃতি।
শুক্রবার (২২ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠান আয়োজিত হয়।
এবারের আসরের কেন্দ্রে ছিলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। তিনি এবার জিতে নিয়েছেন ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের (স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার) সর্বোচ্চ খেতাব। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
২০২৫ সালে ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন হামজা। ট্রেবল জয়ে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে রাজত্ব করলেন এ ফুটবলার।
পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ ও বন্ধুদের এবং ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছি, সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট করার জন্য।’
এতে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে এসেছি। এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে এলাম। আমার মনে হয়, এটি আমাদের ক্রীড়াঙ্গণের অর্জন।’
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ।
সভাপতির বক্তব্যে রেজওয়ান উজ জামান রাজিব বলেন, ‘আমার মনে হয়, আমাদের স্পোর্টস সাংবাদিকতা বিশ্বমানের। কিন্তু এখানে এখনও অনেক কিছুরই উন্নতি করার সুযোগ আছে। বিএসপিএ একটি স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট করতে চায়। এজন্য সকলকে পাশে চাই।’
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে সর্বমোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৬/এনডি





















