Connect with us
ফুটবল

সান মারিনোর বিপক্ষে খেলতে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

Hamza Chaudhury
বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা। ছবি: সংগৃহীত

সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে পূর্ণ শক্তির দল পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ মঙ্গলবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। তার আগেই সান মারিনোতে পৌঁছে জাতীয় দলের শিবিরে যোগ দেন সামিত সোম ও জায়ান আহমেদ। ফলে এখন সব খেলোয়াড়কে নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই গত সোমবার ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্রটিতে পৌঁছায় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে ওঠাই ছিল প্রথম দিনের প্রধান কাজ। তাই সেদিন খেলোয়াড়দের জন্য রাখা হয়েছিল হালকা অনুশীলন ও শারীরিক পুনরুদ্ধার কার্যক্রম। পরদিন থেকে শুরু হয় পূর্ণমাত্রার অনুশীলন।

দলের ব্যবস্থাপক আমের খান জানিয়েছেন, সান মারিনোতে পৌঁছানোর পর দুই দিনে দুই ধরনের আবহাওয়ার অভিজ্ঞতা হয়েছে দলের। প্রথম দিনের অনুশীলনের সময় আবহাওয়া ছিল বেশ শীতল। তবে পরদিন তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং পরিবেশ অনেকটা বাংলাদেশের মতো গরম অনুভূত হয়। ভিন্ন ভিন্ন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।



সান মারিনো বাংলাদেশের সময়ের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া অনুশীলন চলে প্রায় দেড় ঘণ্টা। অনুশীলনে খেলোয়াড়দের মধ্যে ছিল বাড়তি উদ্দীপনা। ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় দলের সবাই বেশ উচ্ছ্বসিত।

বাংলাদেশ দলের প্রধান কোচ টমাস ডুলি বলেছেন, সান মারিনোতে পৌঁছাতে দলের বেশ দীর্ঘ ভ্রমণ করতে হয়েছে। ঢাকা থেকে যাত্রা শুরু করে মাঝপথে অপেক্ষা এবং পরে ইতালিতে পৌঁছানোর পর আবার সড়কপথে সান মারিনোতে যেতে হয়েছে। তবে ভ্রমণের ক্লান্তি কাটিয়ে খেলোয়াড়রা এখন পুরোপুরি ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছেন।

ডুলি বলেন, সান মারিনো আন্তর্জাতিক ফুটবলে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দল হলেও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ তারা নিয়মিত ইউরোপের শক্তিশালী দেশগুলোর বিপক্ষে খেলতে অভ্যস্ত। ফলে বাংলাদেশের জন্য এটি সহজ ম্যাচ হবে না। প্রতিপক্ষকে যথাযথ সম্মান দিয়েই নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে দল।

এদিকে ইতালিতে বসবাসকারী ফুটবলার ফাহমিদুল ইসলামও দলের সঙ্গে রয়েছেন। সান মারিনো ও আশপাশের পরিবেশ সম্পর্কে আগে থেকেই তার ভালো ধারণা রয়েছে। তিনি মনে করেন, পরিচিত পরিবেশে খেলতে পারা দলের জন্য ইতিবাচক হতে পারে। নিজের অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি মাঠে ভালো ফল পাওয়ার আশাও ব্যক্ত করেছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল