
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতির জন্য ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন লাল-সবুজের দল। এই ম্যাচে অংশ নিতে তিনদিন আগেই ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ। এবার ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী।
গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে আজ (মঙ্গলবার) ভিয়েতনামে পৌঁছেছেন হামজা। তাকে এয়ারপোর্ট থেকে আনতে যান জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান।
ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গত ১৬ মার্চ থেকে শুরু হয় বাফুফের ক্যাম্প। তবে তার ক্লাব লেস্টার সিটির ম্যাচ থাকায় ক্যাম্পে যোগ দিতে পারেননি হামজা। ক্যাম্প থেকে গত শনিবার (২১ মার্চ) ভিয়েতনামে পৌঁছায় বাংলাদেশ। পরদিন দলে যোগ দেওয়ার কথা ছিল হামজার। পরবর্তীতে সেটি দু’দিন পিছিয়ে ২৪ মার্চ বিকালে পুনর্নির্ধারিত হয়। অবশেষে আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
হামজা ছাড়া অন্যান্য প্রবাসী ফুটবলাররা ঢাকাতেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। সামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজীরা ক্যাম্পে ছিলেন। এছাড়া ফাহামিদুল ইসলামও ছিলেন জাতীয় দলের ক্যাম্পে। তারা আগেই ভিয়েতনামে পৌঁছে অনুশীলন শুরু করেন।
আজ স্থানীয় সময় বিকাল ৫টায় হ্যানয়ে বাংলাদেশ দলের অনুশীলন রয়েছে। ইতোমধ্যে শুরু করেছেন সামিতরা। তবে আজকের অনুশীলনে অংশ নেবেন না হামজা। ভ্রমণক্লান্তির কারণে আজ বিশ্রামে থাকার কথা রয়েছে এই তারকার।
আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ভিয়েতনাম ম্যাচ শেষে পরের দিন সিঙ্গাপুর যাবেন হামজা-জামালরা। সেখানে কয়েকদিন অনুশীলন করে ৩১ মার্চ স্বাগতিকদের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/বিটি





















