Connect with us
ক্রিকেট

বেঙ্গালুরুকে হারিয়ে পঞ্চম জয় তুলে নিল গুজরাট

Gujarat secure their fifth win by defeating Bengaluru.
বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে গুজরাট। ছবি- বিসিসিআই

আইপিএলে নবম ম্যাচ খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে শুবমান গিলের নেতৃত্বাধীন দলটি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।

ঘরের মাঠে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে গিলের কল্যাণে ঝোড়ো শুরু পায় গুজরাট। তবে তৃতীয় ওভারে দলীয় ৪২ রানের মাথায় বিদায় নেন সাই সুদর্শন (৬)। ভালো শুরু পেয়েও ফিফটি করতে পারেননি গিল। দলীয় ৫৭ রানের মাথায় বিদায় নেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন এই ওপেনার।



তিনে নেমে এক ঝোড়ো ইনিংস খেলেন জস বাটলার। ১৯ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৯ রান করে বিদায় নেন তিনি। পরবর্তীতে ওয়াসিংটন সুন্দরের ১২, জেসন হোল্ডারের ১২ এবং রাহুল তেওয়াতিয়ার ১৭ বলে ২৭ রানের অপরাজিত ক্যামিওতে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বেঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন বুভনেশ্বর কুমার। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন রোমারিও শেফার্ড। এছাড়া একটি উইকেট নেন সুয়াশ শর্মা।

এর আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর হয়ে কেউই বড় স্কোর করতে পারেননি। সর্বোচ্চ ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন দেবদূত পাডিক্কাল। ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি বিরাট কোহলি। ১৩ বলে ২৮ রান করেন এই তারকা। অধিনায়ক রজত পতিদর ১৫ বলে ১৯ রান করেন। এছাড়া রোমারিও শেফার্ড ১৫ বলে ১৭ এবং বুভনেশ্বর কুমার ১৫ বলে ১৫ রান করেন।

গুজরাটের হয়ে ২২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন আরশাদ খান। ২টি করে উইকেট নেন রশিদ খান ও জেসন হোল্ডার। এছাড়া একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মোহাম্মদ সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর :

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৫৫/১০ (১৯.২ ওভার)

গুজরাট টাইটান্স : ১৫৮/৬ (১৫.৫ ওভার)

ফলাফল : গুজরাট টাইটান্স ৪ উইকেটে জয়ী।

এই জয়ে পয়েন্ট টেবিলে গুজরাটের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে দলটি।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট