
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও লিডস ইউনাইটেডের ম্যাচে সমর্থকদের অনাকাঙ্ক্ষিত আচরণে তীব্র নিন্দা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচের মাঝে মুসলিম খেলোয়াড়দের ইফতারের জন্য দেওয়া বিরতিতে গ্যালারি থেকে ভেসে আসা দুয়োধ্বনি বা বিদ্রুপের ঘটনায় কঠোর সমালোচনা করেছেন পেপ গার্দিওলা।
ইলান রোডে ম্যাচের ১১তম মিনিটে যখন সূর্যাস্ত হয়, তখন রেফারি নিয়ম অনুযায়ী সাময়িক বিরতি ঘোষণা করেন। ম্যানচেস্টার সিটির মুসলিম খেলোয়াড়— ওমর মারমৌশ, রায়ান আইত-নৌরি ও রায়ান শেরকি মাঠের পাশেই পানীয় পান করে রোজা ভাঙছিলেন। একই সময় বেঞ্চ থেকে উঠে ইফতার করেন আব্দুলকদির খুসানোভও। ঠিক সেই মুহূর্তে লিডস ইউনাইটেডের গ্যালারি থেকে দর্শকরা বিদ্রুপাত্মক শব্দ ও দুয়োধ্বনি দিতে শুরু করেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ঘটনায় নিজের ক্ষোভ উগরে দেন সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, আমরা এখন আধুনিক যুগে বাস করছি। আপনাকে অবশ্যই ধর্ম ও বৈচিত্রের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ীই খেলোয়াড়রা ইফতারের জন্য এক-দুই মিনিট সময় পেয়েছিল। যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ফুটবলে বৈষম্যবিরোধী সংস্থা ‘কিক ইট আউট’ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। তারা জানায়, বিরতির বিষয়টি স্টেডিয়ামের বড় স্ক্রিনে ব্যাখ্যা করার পরেও দর্শকদের এমন আচরণ হতাশাজনক।
সংস্থাটি মনে করিয়ে দেয়, এই বিরতি অনেক বছর আগে থেকেই সম্মত হওয়া একটি নিয়ম।
এদিকে মাঠের বাইরের এই বিতর্কিত ঘটনার মাঝেও জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। আন্তোয়ান সেমেনিওর একমাত্র গোলে লিডস ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে গার্দিওলার শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৬/এসএ
























