
অবশেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে এক দশকের অধ্যায়ে ইতি টানতে যাচ্ছেন পেপ গার্দিওলা। চলতি মৌসুম শেষে সিটিজেনদের বিদায় জানিয়ে দেবেন তিনি। আজ (শুক্রবার) এক বিবৃতিতে এই স্প্যানিশ কোচের বিদায়ের খবরটি নিশ্চিত করেছে ক্লাবটি।
ম্যানসিটির হয়ে আর একটি ম্যাচে দায়িত্ব পালন করবেন গার্দিওলা। আগামী রোববার (২৪ মে) প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ম্যানসিটি। এই ম্যাচে শেষবারের মতো সিটিজেনদের ডাগআউটে দাঁড়াবেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
কোনো কিছু চিরস্থায়ী নয় জানিয়ে গার্দিওলা তার বিদায়ী বার্তায় বলেন, ‘আমি কেন চলে যাচ্ছি, কেউ আমার কাছে জানতে চাইবেন না। এর পেছনে কোনো কারণ নেই। কিন্তু মনের গভীরে আমি জানি, এটাই আমার জন্য সেরা সময়। কোনো কিছু চিরস্থায়ী নয়, যদি হতো, তাহলে আমি এখানেই সারাজীবন কাটিয়ে দিতাম। চিরস্থায়ী হলো অনুভূতি, এখানকার মানুষ, স্মৃতি, আর ক্লাবটির জন্য আমার ভালোবাসা।’
বার্সেলোনা ছেড়ে ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন গার্দিওলা। এরপর ২০১৬ সালে বায়ার্ন ছেড়ে ম্যানসিটির সঙ্গে চুক্তি করেন তিনি। সিটিতে যোগ দেওয়ার পর চার দফায় তার চুক্তি মেয়াদ বাড়ায় ক্লাবটি। সবশেষ ২০২৪ সালের নভেম্বরে আরও ২ বছরের চুক্তি বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল গার্দিওলার। তবে এক বছর আগেই সম্পর্কের ইতি টানছেন এই স্প্যানিশ কোচ।
সিটির দায়িত্ব নিয়ে ১০ বছরে ২০টি ট্রফি এনে দিয়েছেন গার্দিওয়লা। সিটিকে প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপাসহ মোট ছয়টি শিরোপা এনে দিয়েছেন। যদিও শুরুতে তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। সিটির দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই শিরোপা ছাড়া কাটাতে হয় তাকে। তবে পরের দুই মৌসুমে সিটিজেনদের টানা প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন তিনি। এরপর ২০২০-২১ মৌসুম থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত টানা চারবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় সিটি।
ম্যানসিটির ইতিহাসের একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটিও এসেছে গার্দিওলার হাত ধরেই। ২০২২-২৩ মৌসুমে প্রথম চ্যাম্পিয়ন্স শিরোপার দেখা পায় সিটিজেনরা। এছাড়া তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন গার্দিওয়লা।
ক্রিফোস্পোর্টস/২২মে২৬/বিটি























