
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসান-এর ফেরার আলোচনা আবারও জোরালো হয়েছে। পাকিস্তান সিরিজের সময় তার দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। মূল কারণ, তার বিরুদ্ধে থাকা মামলার কোনো অগ্রগতি না হওয়া এবং সেই কারণে দেশে না ফেরা।
এই পরিস্থিতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব যদি মামলায় নির্দোষ প্রমাণ হয়ে দেশে ফেরেন, তাহলে সরকার তার বিষয়ে নমনীয় অবস্থান নেবে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সাকিবের বিষয়টি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত। তার নামে থাকা মামলাগুলো তাকে নিজেকেই মোকাবিলা করতে হবে। সেগুলো থেকে নির্দোষ প্রমাণিত হয়ে ফিরলে তখন বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তা নাজমুল আবেদিন ফাহিম আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই সাকিব দেশে ফিরতে পারেন। তিনি বলেন, সাম্প্রতিক কার্যক্রম দেখে মনে হচ্ছে বিষয়টি দ্রুত এগোচ্ছে।
আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে ফাহিম স্পষ্ট করে কিছু না বললেও আশা ছাড়েননি। তার মতে, সাকিব দলে ফিরলে দল বাড়তি শক্তি পাবে।
তবে সাকিব ফিরলে তাকে কোন সংস্করণে খেলানো হবে, কতদিন খেলবেন এসব সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচক, দল পরিচালনা বিভাগ, ক্রিকেট বোর্ড এবং সাকিবের মতামত গুরুত্বপূর্ণ হবে। সবকিছুর আগে দলের স্বার্থকেই গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/টিএ






















