
দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর ২০ দিন পরেই শুরু হবে ফুটবলের এই রোমাঞ্চকর লড়াই। তার আগে নিজেদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে দলগুলো। ইতোমধ্যেই ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, জাপানের মতো দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এবার চার আসরের চ্যাম্পিয়ন জার্মানিও এই তালিকায় যুক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে জার্মানি। ইউলিয়ান নাগলসমানের এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক মানুয়েল নয়্যার। অবসর ভেঙে বিশ্বকাপ দিয়ে ফের জাতীয় দলে ফিরছেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
জার্মানির জাতীয় দলের হয়ে প্রায় দুই বছর আগে খেলেছিলেন নয়্যার। ২০২৪ সালে ইউরো থেকে জার্মানির বিদায়ের পর অবসর নিয়েছিলেন তিনি। তবে চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। বিশ্বকাপ দল ঘোষণার আগে থেকেই আলোচনায় ছিল তার নাম। শেষ পর্যন্ত বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফের জার্মানির জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন এই গোলরক্ষক।
অবসরের আগে জার্মানির নেতৃত্বভার ছিল নয়্যারের কাঁধে। তবে বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দেবেন মিডফিল্ডার ইয়োশুয়া কিমিখ। কিন্তু নেতৃত্ব না পেলেও অপর দুই গোলরক্ষকের থেকে কোচের প্রথম পছন্দেই আছেন নয়্যার। বিশ্বকাপে ১ নম্বর গোলরক্ষক হিসেবে খেলবেন তিনি। দল ঘোষণার সময় এমনটাই জানান নাগলসমান।
তবে চোটের কারণে এবার বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছেন জার্মানির বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। এছাড়া নিয়মিত খেলা ফুটবলারদের মধ্যে নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখ বিশ্বকাপ দলে জায়গা পাননি। তবে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্লও।
এবারের বিশ্বকাপে জার্মানি রয়েছে গ্রুপ ‘সি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইকুয়েডর, কুরাসাও ও আইভরিকোস্ট। আগামী ১৪, ২০ ও ২৫ জুন যথাক্রমে কুরাসাও, আইভরিকোষ্ট ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে দলটি।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মিডফিল্ডার: ইয়োশুয়া কিমিখ, জামাল মুসিয়ালা, ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।
ক্রিফোস্পোর্টস/২১মে২৬/বিটি





















