বাংলাদেশ জাতীয় দলে নতুন মুখ হিসেবে ফারহান আলী ওয়াহিদকে পেতে জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। এরপর নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপেও তাঁকে দলে পাওয়ার বিষয়ে বেশ আশাবাদী ফেডারেশন।
সম্প্রতি নরউইচের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলের হয়ে খেলেছেন উনিশ বছর বয়সী ফারহান। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে নিজের আক্রমণভাগের খেলায় নজর কাড়েন তিনি। গোল করতে না পারলেও তাঁর একটি শট প্রতিপক্ষের গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলে। এই পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে বাংলাদেশের আগ্রহ আরও বেড়েছে।
ফারহানের জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর পরিবারের শিকড় সিলেটে। তাঁকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজ প্রায় শেষ পর্যায়ে। জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। এখন বাংলাদেশি পাসপোর্টের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই পরবর্তী ধাপে এগোবে ফেডারেশন। এরপর ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষের অনুমতি মিললে জাতীয় দলের হয়ে খেলতে আর বাধা থাকবে না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফারহানকে সেপ্টেম্বরে দলে পাওয়ার লক্ষ্য নিয়েই সব কাজ চলছে। তাঁর মতে, পরিকল্পনা অনুযায়ী সব এগোচ্ছে এবং নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে তাঁকে পাওয়া নিয়ে তাঁদের কোনো সংশয় নেই।
চেলসির বয়সভিত্তিক দলে ফুটবল শেখার পর ২০১৯ সালে ফুলহামে যোগ দেন ফারহান। এরপর ধাপে ধাপে উঠে আসেন ক্লাবটির উচ্চতর দলে। ভালো পারফরম্যান্সের জন্য মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। এখন ফুলহামের মূল দলে জায়গা পাওয়ার পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলেও নিজের নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন।
ফারহানের পাশাপাশি ইংল্যান্ডে বেড়ে ওঠা আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমকেও জাতীয় দলে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী সেপ্টেম্বরে দেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই আসরেই লাল-সবুজ জার্সিতে ফারহানের অভিষেক দেখার আশা করছেন দেশের ফুটবলপ্রেমীরা।
ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৬/টিএ



