
আগের ম্যাচের একাদশ থেকে একেবারে ১১ জনই বদলে নতুন দল নামালেন কোচ দিদিয়ে দেশম। এতে করে ফ্রান্সের বেঞ্চ শক্তিই যেন আরও পরিষ্কার হয়ে উঠল। নতুনদের নিয়েই মাঠে নেমে দারুণ খেলেছে দলটি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে রোববার অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ছিল সমানতালে। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। তবে ধীরে ধীরে খেলায় নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচ নিজেদের দিকে নিয়ে যায় তারা।
২৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন দিজিরে দুয়ে। প্রতিপক্ষের রক্ষণভাগ বল ঠিকমতো সরাতে না পারায় সুযোগ পেয়ে নিচু শটে জালে বল পাঠান তিনি। জাতীয় দলে এটি ছিল তার প্রথম গোল।
এরপর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। ডান দিক থেকে আসা ক্রসে বক্সের একটু বাইরে থেকে শক্ত হেডে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে। থুরামের বাড়ানো বল পেয়ে বক্সে ফাঁকায় শট নেন, গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে ঢুকে যায়।
৬৩তম মিনিটে দুয়েকে তুলে নেওয়া হয়, তার জায়গায় নামেন উগো একিটিকে। একই সময় কলম্বিয়াও তাদের দুই পরিচিত খেলোয়াড় হামেস রদ্রিগেস ও লুইস দিয়াসকে তুলে নেয়।
৭৭তম মিনিটে একটি গোল শোধ দেয় কলম্বিয়া। বক্সে পাস পেয়ে কোণাকুণি শটে গোল করেন হামিন্তন কামপাস।
এরপর বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে তিনি কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোল পাননি। একটি শট প্রতিপক্ষ রক্ষণভাগ ফিরিয়ে দেয়, আর যোগ করা সময়ে করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
এর আগে গত ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্স। টানা ভালো খেলায় বিশ্বকাপের প্রস্তুতিতেও আত্মবিশ্বাসী দেখাচ্ছে দলটি।
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/টিএ






















