Connect with us
ফুটবল

আর্জেন্টিনাকে হটিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স, একধাপ এগোল ব্রাজিল

France replace Argentina at the top of the rankings, while Brazil move up one spot.
র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ফ্রান্স-ব্রাজিলের, পিছিয়েছে আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

চলতি বিশ্বকাপে রীতিমতো উড়ে চলছে ফ্রান্স। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে বিধ্বস্ত করছে এমবাপ্পে-দেম্বেলেরা। গ্রুপ পর্বে টানা তিন জয়ের পর শেষ ৩২ এ সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। যার সুবাদে র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে দিদিয়ের দেশমের শিশ্যরা।

আজ বুধবার (১ জুলাই) আন-অফিশিয়াল র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে দুইধাপ এগিয়ে আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

বিশ্বকাপের শুরুতে শীর্ষে ছিল আর্জেন্টিনা। আর দুই ও তিনে যথাক্রমে ছিল স্পেন ও ফ্রান্স। তবে বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি গত আসরের রানার্সআপরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারায় দলটি। এরপর দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-০ গোলে জয় পার তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নেয় এমবাপ্পেরা।



গতকাল দিবাগত রাতে শেষ ৩২ এর ম্যাচে সুইডেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে ৩-০ ব্যবধানের সহজ জয় পায় দলটি। এছাড়া আরেকটি গোল করেন ব্র‍্যাডলি বারকোলা। আর তাতেই রেটিং পয়েন্ট বেড়ে শীর্ষে উঠে এসেছে দলটি। বর্তমানে ফ্রান্সের রেটিং পয়েন্ট ১৯১৬.২৪। আর একধাপ করে পিছিয়ে দুইয়ে নেমে যাওয়া আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৯০৭.৪০ এবং স্পেনের রেটিং পয়েন্ট ১৮৭৯.৫৮।

এদিকে র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা ইংল্যান্ডের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তবে এগিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর শেষের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় তারা। এরপর শেষ ৩২ এ জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। তাতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সেলেসাওদের। তাদের রেটিং পয়েন্ট ১৮০৪.৯২।

এছাড়া এক ধাপ করে এগিয়ে ছয় ও সাত নম্বরে যথাক্রমে আছে মরক্কো ও নেদারল্যান্ডস। তবে অবনতি হয়েছে পর্তুগালের। ৩ ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমে গেছে রোনালদোরা। তবে বড় উন্নতি হয়েছে মেক্সিকোর। পাঁচ ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে দলটি। আর একধাপ পিছিয়ে বেলজিয়ামের অবস্থান দশ নম্বরে। আর কলম্বিয়া ২ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে। এছাড়া জার্মানি, ক্রোয়েশিয়া ও ইতালি ২ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ১২, ১৩ ও ১৪ নম্বরে অবস্থান করছে।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল