
ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতে অপেক্ষা করছে এক রোমাঞ্চকর ম্যাচ। আজ দিবাগত রাতে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স। দীর্ঘ ১১ বছর একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকা ও ইউরোপের দুই পরাশক্তিরা।
২০১৫ সালের পর প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও ব্রাজিল। সবশেষ দেখায় ফ্রান্সকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই দলে ছিলেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। সেই ম্যাচে গোলও করেছিলেন এই সুপারস্টার। তবে এবার আলোচনায় থেকেও ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাননি এই ফরোয়ার্ড।
নেইমার না থাকলেও ব্রাজিলের ফরোয়ার্ড লাইনে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মাথিউস কুনহার মতো তারকা ফুটবলাররা। এছাড়া রক্ষণে মারকুইনহোস, ব্রেমার, দানিলো এবং মিডফিল্ডে ক্যাসেমিরো, ফাবিনিওর মতো অভিজ্ঞরা আছেন। তবে ম্যাচের আগে কিছুটা চাপে রয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে ফ্রান্সের বিপক্ষে অ্যালিসন বেকার, অ্যালেক্স সান্দ্রো ও গ্যাব্রিয়েল মাগালহায়েসদের পাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে ফ্রান্সের আক্রমণভাগও কম শক্তিশালী নয়। দলটির আক্রমণের নেতৃত্ব দেবেন কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে আছেন দুর্দান্ত ছন্দে থাকা উসমান দেম্বেলে। এছাড়া ডিজাইরে দুরে, হুগো একিতেকে, মার্কাস থুরাম, মাইকেল ওলিসের মতো ফুটবলাররাও আছেন ফ্রান্স দলে। এছাড়া রক্ষণে উপামেকানো, ইব্রাহিমা কনাতে, থিও হার্নান্দেজ এবং মিডফিল্ডে এদুয়ার্দ কামাভিঙ্গা, অরলিয়ে চুয়ামেনি, এনগোলো কান্তের মতো তারকা ফুটবলাররা আছেন।
সার্বিক পরিসংখ্যানে দুই দলই রয়েছে সমতায়। এ নিয়ে ১৬তম বার মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। যার মধ্যে ব্রাজিল ৬ ম্যাচে এবং ফ্রান্স ৬ ম্যাচে জয় পেয়েছে। বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচটি খেলবে ব্রাজিল ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে আজ দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/বিটি


















