
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ভারতের তরুণ মারকুটে ওপেনার অভিষেক শর্মার। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রান খরায় ভুগছেন তিনি। একাধিক সুযোগের পরও নিজেকে রাঙাতে পারছেন না এই তরুণ। যে কারণে ফাইনালে তার স্কোয়াডে থাকা নিয়ে আলোচনা উঠেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ভারতের একাদশ থেকে অভিষেককে বাদ দেওয়ার পক্ষে দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ । নিজের ইউটিউব চ্যানেলে এমনটা জানিয়েছেন এই সাবেক।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ছবি- সংগৃহীত
কাইফ বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারে ভারত। ও অনেকগুলো ম্যাচ খেলেছে। দলে পরিবর্তন আনলে কোনো ক্ষতি নেই৷ এই সংস্করণে (টি-টোয়েন্টি) আপনি চাইলেই দলে পরিবর্তন আনতে পারেন।’
অবশ্য পরিসংখ্যানও অভিষেকের বিপক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত জিম্বাবুয়ে ছাড়া কোনো দলের বিপক্ষেই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। গ্রুপ পর্বের তিন ম্যাচে ডাক মেরেছেন অভিষেক। সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে একটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস রয়েছে তার। বাকি দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও রানের দেখা পাননি।
এরপর সেমিফাইনালেও ইংল্যান্ডের বিপক্ষে হতাশ করেন অভিষেক। ইংলিশদের বিপক্ষে দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হন এই তারকা। সবমিলিয়ে ৭ ইনিংসে ১২.৭১ গড় ও ১৩০.৮৮ স্ট্রাইক রেটে ৮৯ রান করেছেন তিনি। একটি ফিফটি থাকলেও বড় দলগুলোর বিপক্ষে রানের দেখা পাননি তিনি। যে কারণে ফাইনালে তার একাদশে থাকা নিয়ে বেশ আলোচনা চলছে।
রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/বিটি






















