
ফুটবল মাঠে লিওনেল মেসিকে থামানো যে কতটা কঠিন, তা ভালোভাবেই জানেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। ২০১৬ সালের এক কাতালান ডার্বিতে এমনই এক পরিস্থিতিতে মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন আলভারো গঞ্জালেস। প্রায় এক দশক পর এক সাক্ষাৎকারে সেই ঘটনার স্মৃতি তুলে ধরেছেন তিনি।
সেদিনের ম্যাচে শুরু থেকেই মেসিকে সামলাতে হিমশিম খাচ্ছিল এস্পানিওলের রক্ষণভাগ। বারবার আক্রমণে উঠে এসে প্রতিপক্ষের ডিফেন্ডারদের চাপে ফেলছিলেন মেসি। খেলার মাঝামাঝি সময়ে এক পর্যায়ে মেসি ও গঞ্জালেসের মধ্যে তর্ক শুরু হয়। গঞ্জালেস জানান, প্রথমে মেসিই তাকে লক্ষ্য করে বলেন, তিনি খুব খারাপ একজন খেলোয়াড়।
এই মন্তব্যে চুপ থাকেননি গঞ্জালেসও। তিনি সঙ্গে সঙ্গে মেসির উচ্চতা নিয়ে মন্তব্য করে বসেন। পরে এই প্রসঙ্গে গঞ্জালেস বলেন, ওই মুহূর্তে মাথায় যা এসেছিল, সেটাই বলে ফেলেছিলেন। মেসির মতো বড় একজন খেলোয়াড়কে কী বলা উচিত, তা ভাবার সময় তখন তার ছিল না।
মাঠের লড়াইয়ে উত্তেজনা থাকলেও ব্যক্তিগতভাবে মেসির প্রতি তার সম্মান ছিল এবং এখনও আছে বলে জানিয়েছেন গঞ্জালেস। তিনি স্বীকার করেন, সেই সময় মেসির বিপক্ষে খেলা মানেই ছিল কঠিন এক অভিজ্ঞতা। ম্যাচ শেষে মেসির জার্সি নেওয়ার ইচ্ছাও ছিল তার, তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় সেটি আর সম্ভব হয়নি।
মজার ছলে গঞ্জালেস আরও বলেন, এখনকার মেসিকে দেখতে আগের চেয়ে আরও ভালো লাগে। সময়ের সঙ্গে তার চেহারায়ও পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি।
গঞ্জালেসের ক্যারিয়ারেও নানান বিতর্ক ছিল। ২০২০ সালে নেইমার তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন। তবে তদন্ত শেষে তিনি নির্দোষ প্রমাণিত হন।
দীর্ঘ পেশাদার ক্যারিয়ার শেষে ২০২৫ সালে গঞ্জালেস ফুটবলকে বিদায় জানান। অন্যদিকে ৩৭ পেরিয়েও মেসি এখনও সমানভাবে প্রভাব রাখছেন মাঠে। বর্তমানে তিনি ইন্টার মিয়ামির হয়ে খেলছেন এবং সামনে বড় প্রতিযোগিতাগুলোকে লক্ষ্য করে নিজেকে প্রস্তুত রাখছেন।
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৬/টিএ





















