Connect with us
ফুটবল

নতুন ক্লাবে যোগ দিলেন কিংসের সাবেক ফুটবলার তারিক কাজী

Tariq Kazi signs for Paro FC
পারো এফসিতে যোগ দিয়েছেন তারিক কাজী। ছবি- পারো এফসি

নতুন ঠিকানা খুঁজে পেলেন বসুন্ধরা কিংসের সাবেক ফুটবলার তারিক কাজী। বাংলাদেশ জাতীয় দলের ফিনিশ বংশোদ্ভূত এই ডিফেন্ডার ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 

পারো জানায়, অভিজ্ঞতা, শৃঙ্খলা ও নেতৃত্বে গড়া এক ডিফেন্ডার হিসেবে তারিক কাজী ২০২৬ মৌসুমে আমাদের রক্ষণভাগে আন্তর্জাতিক মানের শক্তি যোগ করছেন। শান্ত স্বভাব, বহুমুখিতা এবং নির্ভীক ডিফেন্ডিংয়ের জন্য পরিচিত তারিক। তিনি এখানে এসেছেন দলের মান আরও উন্নত করতে, রক্ষণকে আরও শক্তিশালী করতে। পারো এফসির সমর্থকদের বড় অর্জনে বিশ্বাস করার সুযোগ করে দিতে তিনি যোগ দিয়েছেন।

গত বছরের অক্টোবরে বসুন্ধরা কিংসের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের ইতি টানেন তারিক। বকেয়া পারিশ্রমিক ইস্যুতে ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেন এই ডিফেন্ডার। এরপর অনেকদিন ধরেই নতুন ক্লাবের খোঁজে ছিলেন তিনি। অবশেষে ভুটানের পারো এফসিতে পাড়ি জমালেন এই তারকা ডিফেন্ডার।



Former Bashundhara Kings footballer Tariq joins a new club.

ক্লাবে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন তারিক কাজী। ছবি- পারো এফসি

ক্লাব ক্যারিয়ারে বসুন্ধরা কিংসের হয়ে তিনটি লিগ শিরোপা, একটি ফেডারেশন কাপ ও দুটি স্বাধীনতা কাপ জিতেছেন তিনি। এবার ভুটানের লিগে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন ২৫ বছর বয়সি এই ডিফেন্ডার।

নতুন ক্লাবের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন করেছেন তারিক। ক্লাবে যোগ দিয়ে অনুশীলনও শুরু করেছেন তিনি। তবে তার চুক্তির মেয়াদ এবং পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ক্লাবটি।

ফিনল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৬, ১৭, ১৮ ও ১৯ দলে খেলেছেন তারিক। ২০১৯ সালে ফিনল্যান্ডের ক্লাব ইলভেস ছেড়ে বাংলাদেশর ক্লাব বসুন্ধরা কিংসে পাড়ি জমান তিনি। এরপর ২০২১ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে তারিকের।

ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল