
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। শুরুতেই ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়িয়েছে তার নেতৃত্বাধীন বোর্ড। এবার জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের বিশেষ সুবিধা দিতে ‘ক্যাপ্টেনস কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাবেক ও বর্তমান অধিনায়কদের মাঝে ‘ক্যাপ্টেনস কার্ড’ বিতরণ করেছে বিসিবি।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করা প্রতিটি ক্রিকেটারকেই এই কার্ডের আওতায় আনা হয়েছে। নারী ও পুরুষ দলের মোট ৩২ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। যার মধ্যে ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নাম থাকলেও স্বাভাবিকভাবেই তারা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। দুই সাবেক অধিনায়ক ও বিসিসি সভাপতি ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুলও এই কার্ডের আওতায় আছেন। তবে তারাও অনুষ্ঠানে যোগ দেননি। এছাড়া নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাসুদ পাইলটও এই অনুষ্ঠানে ছিলেন না।
এই ক্যাপ্টেনস কার্ড দিয়ে বেশকিছু সুবিধা পাবেন সাবেক ও বর্তমান অধিনায়করা। বাংলাদেশ দলের যত খেলা হবে- আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ঘরোয়া যেকোনো ইভেন্টে স্টেডিয়ামে ফ্রীতে যেতে পারবেন তারা। স্টেডিয়ামে ভিআইপি কার পার্কিং সুবিধা পাবেন তারা
এই কার্ডধারী কেউ অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম তার জন্য সবসময় অ্যাভেইলেবল থাকবে। এতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। এছাড়া অবসরের পর বা সাবেক ক্রিকেটাররা স্বাস্থ্য ইন্সুইরেন্স পাবেন।
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৬/বিটি



















