
পেসার খালেদ আহমেদের বিধ্বংসী বোলিংয়ে অদম্য টি-টোয়েন্টি কাপে চূর্ণ হয়ে গেছে দুরন্ত একাদশের স্বপ্ন। গ্রুপ পর্বের শেষ এই ম্যাচে দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে দাপটের সঙ্গে ফাইনালে পা রেখেছে দুর্বার একাদশ। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) শিরোপা জয়ের লড়াইয়ে ধূমকেতু একাদশের মুখোমুখি হবে তারা।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নামা দুরন্ত একাদশ শুরুতেই খালেদ আহমেদের বোলিং তোপের মুখে পড়ে। একাই ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন খালেদ। তবে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শেষ দিকে ঝড় তোলেন আব্দুল গাফফার সাকলাইন। মাত্র ৯ বলে ১৮ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল দুটি ছক্কা ও একটি চারের মার। সাকলাইনের এই লড়াকু ব্যাটিংয়েই ১৪৫ রানের পুঁজি পায় দুরন্ত। কিন্তু এই রান তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্বার একাদশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাকলাইন। নিজের ব্যাটিং ও বোলিং নিয়ে তিনি বলেন, আমি সবসময় নিজের শক্তি বা স্ট্রেংথের ওপর বিশ্বাস রাখি। এইচপি টিমে থাকার সময় থেকেই কোচ ডেভিড রাজিনের অধীনে ব্যাটিং ও বোলিং নিয়ে আলাদা কাজ করছি। দিন দিন উন্নতির চেষ্টা করছি।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, বিপিএল এবং এইচপি-র কোচদের দেওয়া বিশেষ পরিকল্পনা মেনেই তিনি নিজেকে তৈরি করছেন। সামনে ওডিআই ফরম্যাটে বিসিএল (BCL) টুর্নামেন্টকে পাখির চোখ করছেন এই অলরাউন্ডার। ট্রেইনার বাপ্পি এবং তুষার স্যারের দেওয়া ফিটনেস চার্ট অনুসরণ করে নিজেকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত রাখছেন তিনি।
সাকলাইন বলেন, প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে দেশকে রিপ্রেজেন্ট করার। আমিও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৬/এনজি


























