Connect with us
ফুটবল

বিশ্বকাপের ইতিহাসে প্রথম, চ্যাম্পিয়ন দলকে বিশেষ আংটি দেবে ফিফা

আর্জেন্টিনা-স্পেন ফাইনালে ঐতিহাসিক আংটি দিচ্ছে ফিফা। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে স্মরণীয় করে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়ন আংটি। ফিফার কোনো প্রতিযোগিতার ইতিহাসে এর আগে এমন সম্মান দেওয়া হয়নি। ফলে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এবারের ফাইনাল শুধু শিরোপা নির্ধারণের জন্যই নয়, নতুন এক ইতিহাসের সাক্ষীও হতে যাচ্ছে।

রোববার যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদক তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হবে এই বিশেষ আংটি। ফাইনাল শেষে দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকী আংটি দেওয়া হবে। পরে চ্যাম্পিয়ন দলের ফুটবলার, কোচিং দল ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের জন্য তাদের আঙুলের মাপ অনুযায়ী আংটি তৈরি করে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।

বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি আংটি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য। বাকি ১৯৯৬টি আংটি ফুটবলপ্রেমীদের জন্য অনুমোদিত স্মারক হিসেবে বিক্রি করা হবে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকেরাও ২০২৬ বিশ্বকাপের একটি বিশেষ স্মারক নিজেদের সংগ্রহে রাখার সুযোগ পাবেন।



আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রতিটি আংটিতে থাকবে আলাদা নম্বর। পাশাপাশি প্রতিটি আংটির সঙ্গে দেওয়া হবে সত্যতা নিশ্চিত করার সনদ, যাতে এটি একটি স্বীকৃত স্মারক হিসেবে বিবেচিত হয়।

এবারের ফাইনাল লিওনেল মেসির জন্যও হতে পারে স্মরণীয়। গোলদাতার তালিকায় তিনি সবার ওপরে রয়েছেন। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তিনি তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের সুযোগ পাবেন। একই সঙ্গে বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক হিসেবে ফিফার এই বিশেষ আংটিও তার হাতেই উঠতে পারে।

অন্যদিকে স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আর আর্জেন্টিনা খেলবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে। যদি লিওনেল স্কালোনির দল শিরোপা ধরে রাখতে পারে, তবে ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা।

ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল