Connect with us
ফুটবল

ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

সেমিফাইনালে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। কোয়ার্টার ফাইনাল শেষে শেষ চারে উঠেছে এক নম্বরে থাকা আর্জেন্টিনা, দুই নম্বরে থাকা স্পেন, তিন নম্বরে থাকা ফ্রান্স এবং চার নম্বরে থাকা ইংল্যান্ড। বিশ্বকাপের প্রায় এক শতাব্দীর ইতিহাসে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।

শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে ফ্রান্স ২–০ গোলে মরক্কোকে, স্পেন ২–১ গোলে বেলজিয়ামকে এবং ইংল্যান্ড একই ব্যবধানে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ফলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই এবার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়।

এবারের বিশ্বকাপে প্রতিযোগিতার সূচি তৈরিতে পরিবর্তন আনে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে চারটি আলাদা অংশে রাখা হয়েছিল, যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। তবে এই সুবিধা কাজে লাগাতে হলে প্রত্যেক দলকেই নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করতে হতো। আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড চার দলই সেই লক্ষ্য পূরণ করে নকআউট পর্ব পেরিয়ে শেষ চারে পৌঁছেছে।



বিশ্ব র‌্যাঙ্কিং ১৯৯৪ সালে চালু হলেও এত দিন শীর্ষ চার দলকে একসঙ্গে সেমিফাইনালে দেখা যায়নি। অতীতের বিভিন্ন বিশ্বকাপে বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সের মতো শীর্ষ দলগুলো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আবার অনেক আসরে নকআউট পর্বে অঘটনের শিকার হয়ে বাদ পড়েছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো। তাই ২০২৬ বিশ্বকাপের এই ঘটনা বিশ্বকাপের ইতিহাসে নতুন একটি মাইলফলক হয়ে থাকল।

এখন সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। অন্য সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অর্থাৎ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক, দুই, তিন ও চার নম্বর দলই এবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে। চার দলের ঝুলিতে মিলিয়ে রয়েছে সাতটি বিশ্বকাপ শিরোপা। তাই শেষ চারের দুটি ম্যাচ নিয়েই ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

উল্লেখ্য, উল্লেখ্য, আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ১৬ জুলাই একই সময়ে আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল