
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছে মেহেদি হাসান মিরাজের দল। তাতে ৭ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছে টাইগাররা। সবশেষ জয়টি এসেছিল ২০১৮ এশিয়া কাপে।
আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নাহিদ-মিরাজদের বোলিং তোপে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সহজে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল।
মিরপুরে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসান। ১০ বলে মাত্র ৪ রান করে শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তবে তাতে বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়েনি। এরপর তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত মিলে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়ে জয়ের পথ সুগম করেন।
শেষদিকে ওয়াসিমের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান শান্ত। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৭ রান। এরপর লিটনকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তানজিদ তামিম। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। ২৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার।
বিস্তারিত আসছে…
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/বিটি























