Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের স্বাধীন কমিটি

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তের জন্য কমিটি গঠন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন ঘিরে ওঠা অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত এই কমিটিতে আরও আছেন অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আকরাম সম্রাট।

ঢাকার বিভিন্ন ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের অভিযোগের পর এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পনেরো কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



তদন্ত কমিটি গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলো যাচাই করবে। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়া হবে। পাশাপাশি মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া বোর্ডের গঠনতন্ত্র ও প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কি না, সেটিও পরীক্ষা করে দেখা হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় বলা হয়েছে, প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব বা ক্রীড়া সংস্থার কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া যেতে পারে। ভবিষ্যতে বোর্ড নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া কীভাবে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা যায়, সে বিষয়ে সুপারিশও দিতে বলা হয়েছে কমিটিকে।

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। পরে পরিচালকদের ভোটে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বোর্ডের সভাপতি নির্বাচিত হন।

তবে নির্বাচন শুরুর আগ থেকেই ঢাকার কয়েকটি ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু কাউন্সিলর সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন।

গত রোববার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ঢাকার কয়েকটি ক্লাবের কাউন্সিলররা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিখিত অভিযোগ দেন। তারা নির্বাচনে অস্বচ্ছতার কথা উল্লেখ করে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

এ ছাড়া সর্বশেষ বোর্ড নির্বাচনে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুলেছিলেন তামিম ইকবাল। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পরে তিনি আরও কয়েকজন প্রার্থীর সঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

ঢাকার ক্লাবগুলোর অভিযোগের পর গতকাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একটি অংশও একই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিখিত অভিযোগ জমা দেয়।

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট