আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসবেন, সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এর আগে বিশ্বকাপ বয়কটে সায় দিয়েছে বাবর-রিজওয়ানরা।
নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আসছিল পাকিস্তান। খেলোয়াড়দের সাথে এক দফা বৈঠকও করেছেন পিসিবি প্রধান, সেখানে বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপ বয়কটে রাজি আছেন বলে জানিয়েছেন দলের খেলোয়াড়েরা।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, আজকের বৈঠকের পরই বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। একই সঙ্গে পাকিস্তান দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের বিষয়টিও তখন চূড়ান্ত হবে। গতকাল (শনিবার) বিশ্বাকপের জার্সি উন্মোচনের কথা থাকলেও ‘অনিবার্য কারণ’ দেখিয়ে জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে।
বিশ্বকাপ বয়কট করলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে পিসিবি। লাহোরে চার দলের একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে পিসিবির। পাকিস্তান দল ও শাহিনস অনূর্ধ্ব–১৮ দলকে ভাগ করে চারটি দল গঠন করা হবে বলে জানিয়েছে সূত্র।
তাই মহসিন নাকভির সাথে শাহবাজ শরিফের মিটিংয়ের উপর নজর রাখছে ক্রিকেট বিশ্ব। আজকের মিটিংয়েই চূড়ান্ত হবে কি হতে যাচ্ছে এই বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্যে।
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৬/এআই
