বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধেও একাধিক অভিযোগের তদন্ত চলছে। ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের হাতাহাতির ঘটনা নিয়ে গত এক সপ্তাহ ধরে তদন্ত চালিয়েছে সংস্থাটি। তদন্ত শেষে অভিযুক্তদের নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এরপর শৃঙ্খলা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তদন্তের আওতায় রয়েছেন লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা। তাদের বিরুদ্ধে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ আনা হয়েছে। এছাড়া মলিনার বিরুদ্ধে খেলোয়াড়সুলভ আচরণ না করার অভিযোগও রয়েছে। থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ফাইনালের শেষ বাঁশি বাজার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পেনের খেলোয়াড়েরা শিরোপা উদযাপন করতে মাঠে নামলে দুই দলের কয়েকজন ফুটবলার সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, পারেদেস প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ধাক্কা ও আঘাত করেন। সহকারী কোচ আয়ালার বিরুদ্ধেও প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে আঘাত করার অভিযোগ উঠেছে। শুধু ফাইনালের ঘটনাই নয়, পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার বিরুদ্ধে ওঠা আরও কয়েকটি অভিযোগও তদন্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে খেলোয়াড়সুলভ আচরণবিরোধী কর্মকাণ্ড, দলের অসদাচরণ, বৈষম্যমূলক আচরণ, নিরাপত্তাবিধি লঙ্ঘন এবং দর্শকদের অনাকাঙ্ক্ষিত আচরণের সঙ্গে সংশ্লিষ্টতা। এ ছাড়া সেমিফাইনালে জয় পাওয়ার পর মাঠে রাজনৈতিক বার্তা লেখা একটি ব্যানার প্রদর্শনের ঘটনাও তদন্তের তালিকায় রয়েছে। সংস্থাটির মতে, খেলাধুলার আসরকে রাজনৈতিক বা অন্য কোনো প্রচারের জন্য ব্যবহার করা নিয়মবিরুদ্ধ। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ফুটবলার ও কর্মকর্তাদের একাধিক ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে। একই সঙ্গে আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধেও জরিমানা বা অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এখন সব পক্ষের বক্তব্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৬/টিএ



