
জুন-জুলাইয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। বিশ্বকাপ ঘিরে ফুটবলভক্তদের আগ্রহ আগে থেকেই ছিল। সেই আগ্রহ ধরে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা।
এবার মাঠে বসে খেলা দেখার পাশাপাশি ঘরে বসে দেখার অভিজ্ঞতাও বদলাতে চাইছে সংস্থাটি। ইতিমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিটের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যেই দর্শকদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
সামাজিক ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব-এর সঙ্গে চুক্তি করেছে ফিফা। এই চুক্তির আওতায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচের প্রথম ১০ মিনিট ইউটিউবে দেখানো হবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই সুবিধা চালু থাকবে।
ফিফা মনে করছে, ম্যাচের শুরুর এই অংশ দর্শকদের আগ্রহ বাড়াবে। বিশেষ করে তরুণ দর্শকরা শুরুটা দেখে পরে পুরো ম্যাচ দেখার জন্য টেলিভিশনের দিকে যাবে। পাশাপাশি কিছু নির্দিষ্ট ম্যাচের অংশবিশেষ সরাসরি সম্প্রচার করার সুযোগও পাবে স্বত্বধারীরা।
ফিফা জানিয়েছে, এর মাধ্যমে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে কোন ম্যাচ কখন কোথায় দেখা যাবে, সে তথ্যও জানানো হবে। তবে এই চুক্তির আর্থিক দিক নিয়ে কিছু জানানো হয়নি।
এছাড়া পুরোনো বিশ্বকাপের কিছু স্মরণীয় ম্যাচ ও মুহূর্তও ইউটিউবে দেখানোর পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২২ সালের বিশ্বকাপেও ইউটিউব ফিফার সহযোগী ছিল। তখন কনটেন্ট নির্মাতারা মাঠ থেকে নানা দৃশ্য ধারণ করে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। তিনটি দেশের ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের আসরগুলোতে সর্বোচ্চ ম্যাচ ছিল ৬৪টি। ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।
প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে পরের পর্বে। সঙ্গে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা ৮টিও জায়গা পাবে। এরপর ধারাবাহিকভাবে নকআউট পর্ব শেষে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।
আসন্ন আসরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। ব্রাজিল ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে খেলবে। অন্যদিকে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের মুখোমুখি হবে।
ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন মরক্কোর বিপক্ষে। আর আর্জেন্টিনা ১৭ জুন মাঠে নামবে আলজেরিয়ার বিপক্ষে।
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/টিএ
























