Connect with us
ফুটবল

‘৯৬ দেশের বিরোধিতার পর ফিফা’: কেউ ফুটবল বিক্রি করছে না

Jianni Infantino
কেউ ফুটবল বিক্রি করছে না জানাল ফিফা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। এ পরিস্থিতিতে সংস্থাটি জানিয়েছে, ফুটবল বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে এ বিষয়ে সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা।

ফিফার এ পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে আগে অবস্থান নেয় ইউরোপের ফুটবল সংস্থা। তাদের ৫৫টি সদস্যদেশ একসঙ্গে এ প্রস্তাবের বিরোধিতা করেছে। পরে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থার ৪১টি সদস্যদেশও একই অবস্থান নেয়। সব মিলিয়ে ইতোমধ্যে ৯৬টি দেশের ফুটবল সংস্থা প্রস্তাবটির বিপক্ষে মত দিয়েছে।

ফিফা জানিয়েছে, কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই সব সদস্যদেশ যেন সঠিক তথ্যের ভিত্তিতে নিজেদের মতামত দিতে পারে, সে লক্ষ্যেই আলোচনা চালিয়ে যাওয়া হবে। সংস্থাটি আরও বলেছে, ফুটবল বিক্রি করার কোনো চিন্তা তাদের নেই এবং এমন কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।



পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন সহায়ক প্রতিষ্ঠান গঠন করতে চায় ফিফা। সেই প্রতিষ্ঠানে বাইরের বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার সুযোগ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এতে ফিফা বা বিশ্বকাপের মালিকানায় কোনো পরিবর্তন আসবে না বলে দাবি করেছে সংস্থাটি।

এ পরিকল্পনা কার্যকর করতে হলে ফিফার ২১১টি সদস্যদেশের ভোট প্রয়োজন হবে। প্রস্তাবটি অনুমোদনের জন্য অন্তত ১০৬টি ভোট লাগবে। কিন্তু এরই মধ্যে ৯৬টি দেশের বিরোধিতার কারণে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফিফা বলেছে, সদস্যদেশগুলোর মতামত ও উদ্বেগকে তারা গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে তারা মনে করে, নতুন প্রতিষ্ঠান গঠিত হলে বিভিন্ন অঞ্চলের সদস্যদেশগুলো বাণিজ্যিক সুযোগ থেকে আরও বেশি সুবিধা পাবে। তবে এতে ফুটবলের পরিচালনা বা নীতিতে কোনো পরিবর্তন হবে না বলে সংস্থাটি আবারও আশ্বস্ত করেছে।

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল