
খেলাধুলায় সাফল্য যেমন আনন্দ এনে দেয়, তেমনি ব্যর্থতা অনেক সময় গভীর মানসিক চাপও তৈরি করে। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ১৯ বছর বয়সী এক উদীয়মান নারী ক্রিকেটার।
ভারতের পুদুচেরিতে নারী টি-টোয়েন্টি দলের নির্বাচনি পরীক্ষায় সুযোগ না পেয়ে নিজের জীবন শেষ করে দিয়েছেন অ্যাঞ্জেল গ্যাংওয়ানি নামের এই তরুণী ক্রিকেটার।
অ্যাঞ্জেল ছিলেন জিএসটি বিভাগের কর্মকর্তা কাশ্মীর কুমারের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে গত দুই বছর ধরে তিনি পুদুচেরিতে থেকে কঠোর পরিশ্রম করে অনুশীলন করছিলেন। পাশাপাশি একটি বেসরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।
সম্প্রতি পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের জন্য অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষায় অংশ নেন অ্যাঞ্জেল। দলে জায়গা পাওয়ার বিষয়ে তিনি বেশ আশাবাদী ছিলেন। তবে বুধবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় নিজের নাম না দেখে তিনি ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়েন।
পরিবারের সদস্যরা জানান, সেদিন রাত আটটার দিকে অনুশীলন শেষে বাসায় ফিরে তিনি সরাসরি নিজের ঘরে চলে যান। পরে পরিবারের সঙ্গে তেমন কথা বলেননি।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রশিক্ষক ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি অ্যাঞ্জেলের বাসায় যান। সেখানে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অ্যাঞ্জেলের মৃত্যুতে পরিবার, বন্ধু, সহখেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একজন সম্ভাবনাময় ক্রিকেটারের এমন করুণ পরিণতি সবাইকে নাড়া দিয়েছে।
এই ঘটনা ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সহায়তা এবং ব্যর্থতা মোকাবিলায় প্রয়োজনীয় মানসিক শক্তি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, তরুণ খেলোয়াড়দের শুধু মাঠের প্রশিক্ষণ নয়, মানসিকভাবে শক্ত রাখার ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ।
ক্রিফোস্পোর্টস/৩মে২৬/টিএ



















