
ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। আজ (মঙ্গলবার) ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা।
গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হন হামজা। আজ বিকেলে ভিয়েতনামে পৌঁছেছেন তিনি। তাকে এয়ারপোর্ট থেকে সিরিভ করেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান। এরপর টিম হোটেলে পৌঁছান তিনি। এরপর দলের অনুশীলনে এসে সতীর্থদের সঙ্গে দেখা করেন হামজা।
ইংল্যান্ড থেকে লম্বা জার্নি করে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা। মাঝে ইস্তাম্বুলে একটা বিরতি পেয়েছেছিলেন। লম্বা জার্নি নিয়ে হামজা বলেন, ‘জার্নি ভালো ছিল। আমার ১৫ ঘণ্টা লেগেছে। মাঝে ইস্তাম্বুলে একটা বিরতি ছিল। তবে খুব একটা কষ্ট হয়নি।’
সম্প্রতি ইনজুরিতে পড়েছিলেন হামজা। যার ফলে লেস্টার সিটির হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন তিনি। তবে ইনজুরি কাটিয়ে এখন ফিট হামজা। লেস্টারের হয়ে গত কয়েকটি ম্যাচেও খেলেছেন তিনি। তাই আসন্ন দুটি ম্যাচে মাঠে নামতে প্রস্তুত এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
হামজা বলেন, ‘ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এখন আমি পুরোপুরি ফিট খুবই ভালো লাগছে। আমি মাঠে নামার জন্য প্রস্তুত আছি। আমি এই দুটি ম্যাচে খেলতে মুখিয়ে আছি।’
এদিকে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গত ১৬ মার্চ থেকে শুরু হয় বাফুফের ক্যাম্প। গত শনিবার (২১ মার্চ) ভিয়েতনামে পৌঁছায় বাংলাদেশ দল। পরদিন থেকে অনুশীলন শুরু করেছে সামিত-জায়ানরা। আজও অনুশীলন ছিল তাদের। আগামীকাল অনুশীলনে যোগ দিতে পারেন হামজা।
আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ভিয়েতনাম ম্যাচ শেষে পরের দিন সিঙ্গাপুর যাবেন হামজা-জামালরা। সেখানে কয়েকদিন অনুশীলন করে ৩১ মার্চ স্বাগতিকদের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/বিটি


















