Connect with us
ফুটবল

ফুটবল দলের জার্সিতে ফিরছে সমর্থকদের আগ্রহ

Bangladesh Football joursey
ফুটবল দলের জার্সি কিনতে ভক্তরা ভিড় করছেন। ছবি- ক্রিফো স্পোর্টস

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি কেনার সময় ভক্ত-সমর্থকদের ভিড় লেগে থাকা একটি পরিচিত দৃশ্য। তবে ফুটবল দলের ক্ষেত্রে এতদিন ছিল একেবারেই ভিন্ন চিত্র। কারণ, দেশের ফুটবল দল এতো দিন তেমন কোনো হৃদয় ছোঁয়া সাফল্যের মুহূর্ত উপহার দিতে পারেনি-যা আছে, তা বরং হৃদয় ভাঙার গল্প।

তবে হামজা, সামিত, ফাহমিদুলের জাতীয় দলে অন্তর্ভুক্তি কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে সমর্থকদের। আর সে কারণেই ফুটবল দলের জার্সি কিনতে ভক্তরা ভিড় করছেন রাজধানীর বিভিন্ন দোকানে। গুলিস্তান সংলগ্ন জার্সি মার্কেটগুলো ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিক্রেতারা জানাচ্ছেন, সমর্থকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সাদা হোম জার্সিটি। ফলে লাল জার্সির তুলনায় সাদা জার্সির চাহিদাই বেশি। জার্সিগুলো পাইকারি বিক্রি হচ্ছে ২৫০ টাকায় এবং খুচরা বিক্রয়মূল্য ৩০০ টাকা। তবে এখনো ‘প্লেয়ার ভার্সন’ জার্সি বাজারে আসেনি বলে জানিয়েছেন বিক্রেতারা।



Bangladesh Football joursey 1

জার্সি কিনতে সমর্থকদের ভিড়। ছবি- ক্রিফো স্পোর্টস


আরও পড়ুন

» দেশের দায়িত্ব কাঁধে, ক্যাম্পেই ঈদ উদযাপন জামাল-হামজাদের

» সিঙ্গাপুরের বিপক্ষে জয়ই হতে পারে দেশবাসীর জন্য ‘ঈদের উপহার’


চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল কিট স্পনসর হিসেবে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সঙ্গে চুক্তি করে ‘দৌড়’। যাত্রার শুরুতে প্রতিষ্ঠানটি দেশের প্রথম অ্যাওয়ে জার্সি প্রকাশ করে। পরবর্তীতে উন্মোচন করা হয় নতুন হোম জার্সি, যেখানে লাল-সবুজের বদলে প্রাধান্য পেয়েছে সাদা রং। এই জার্সি সমর্থকরা ‘দৌড়’-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। এর নির্ধারিত মূল্য ১৩৯৯ টাকা। নতুন জার্সির ডিজাইন করেছেন তাসমিত আফিয়াত অর্ণী।

Bangladesh Football joursey 2

দোকানে বাংলাদেশ ফুটবল দলের জার্সি বিক্রির ধুম। ছবি- ক্রিফো স্পোর্টস

দিন যতই এগোচ্ছে, ততই বাড়ছে সমর্থকদের প্রত্যাশা। এখন দেখার বিষয়, আগামী ১০ জুন মাঠে কতটা আলো ছড়াতে পারেন হামজা, জামাল, ফাহমিদুল কিংবা সামিত।

ক্রিফোস্পোর্টস/০৭জুন২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল