
টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করে আবারও আলোচনায় এসেছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। তার পারফরম্যান্স দেখে সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি মজার ছলে তাকে ‘জিন’-এর সঙ্গে তুলনা করেছেন।
ধারাভাষ্যকার হার্শা ভোগলে বুমরাকে ভারতের ‘ডায়মন্ড’ হিসেবে উল্লেখ করেছেন। আর ইংল্যান্ডের ধারাভাষ্যকার ড্যানিয়েল নরক্রস তাকে বলেছেন ‘বোলিংয়ের স্যার ডন ব্র্যাডম্যান’। এত প্রশংসার মাঝেও নিউজিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপস অবশ্য ভিন্নভাবে বিষয়টি দেখছেন।
ফাইনালের আগে তিনি বলেছেন, বুমরা নিঃসন্দেহে দুর্দান্ত বোলার। তবে তিনিও মানুষ, তাই কোনো ম্যাচে খারাপ দিন যেতেই পারে।
আগামীকাল টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগে ফিলিপস বলেন, বুমরা খুবই ভালো বোলার। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। বিশেষ করে ডেথ ওভারে সে খুব নিখুঁতভাবে বল করতে পারে। তবে শেষ পর্যন্ত সে-ও একজন মানুষ। আমাদের আশা, তার বিপক্ষে আমাদের দিনটা ভালো যাবে।
ফিলিপস আরও বলেন, বুমরা যদি কোনো সময় ছন্দ হারান, তাহলে সেই সুযোগ কাজে লাগাতে হবে নিউজিল্যান্ডের ব্যাটারদের। তবে তিনি ভালো বোলিং করলে সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বুমরার পারফরম্যান্স বেশ ধারাবাহিক। ৯৪ ম্যাচে ৯১ ইনিংসে বল করে তিনি নিয়েছেন ১১৭ উইকেট। তার ইকোনমি রেট ৬.৫৫ এবং গড়ে প্রতি উইকেট নিতে দিয়েছেন ১৮.৫৭ রান।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তার পরিসংখ্যান কিছুটা ভিন্ন। এই দলের বিপক্ষে ১৪ ম্যাচে ১৬ উইকেট পেয়েছেন বুমরা। এখানে তার গড় ২৩.৩৭ এবং ইকোনমি রেট ৭.৫।
ফাইনালে তাই বুমরার পারফরম্যান্স বড় ভূমিকা রাখতে পারে। তিনি যদি নিজের সেরা ছন্দে থাকেন, তাহলে ভারতের জন্য ম্যাচ জেতা সহজ হতে পারে। আর যদি নিউজিল্যান্ডের ব্যাটাররা তাকে সামলাতে পারে, তাহলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/টিএ






















