
চলমান বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে পারভেজ হোসেন ইমনকে। ব্যাট হাতে যেমন দায়িত্ব সামলাচ্ছেন, তেমনি দীর্ঘদিন পর নিয়মিত উইকেটকিপিংও করছেন এই বাঁহাতি ব্যাটার। টুর্নামেন্টের শুরুতে চার নম্বরে ব্যাট করলেও পরের ম্যাচগুলোতে ওপেনিংয়ে নামছেন তিনি। বদলে যাওয়া এই ভূমিকাগুলোকে ইতিবাচকভাবেই দেখছেন ইমন। এখনো কোনো ম্যাচে ২০০ রান না হওয়া নিয়ে তিনি মনে করেন সব দলেরই এই রান করার সামর্থ্য আছে।
গতকাল (শুক্রবার) ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অবস্থান নিয়ে ইমন বলেন, মূল বিষয়টাই হচ্ছে মাইন্ডসেট। শুরুতে চার নম্বরে ব্যাট করে পরে ওপেনিং করার অভিজ্ঞতা তাকে সাহায্য করেছে। দুই জায়গায় খেলার সুযোগ পাওয়াটা নিজের জন্যই ভালো হয়েছে বলে মনে করছেন তিনি।
উইকেটকিপিং নিয়েও স্বস্তিতে আছেন ইমন। অনেক দিন পর কিপিং করছেন জানিয়ে তিনি বলেন, মাঠে থেকে ক্যাপ্টেনের সঙ্গে ডিআরএসসহ বিভিন্ন সিদ্ধান্তে যুক্ত থাকতে পারছেন। বোলারদের পরিকল্পনা বুঝতে পারছেন কাছ থেকে। পুরো বিষয়টাই তিনি উপভোগ করছেন বলে জানান।
পুরো বিপিএলে একবারও ২০০ রান না হওয়া নিয়েও কথা বলেছেন ইমন। তার ব্যাখ্যা, সিলেটে টানা অনেক ম্যাচ হওয়ায় উইকেটের আচরণ বদলেছে। এক ম্যাচে যা ছিল, পরের ম্যাচে তা থাকেনি। এমনকি প্রথম ও দ্বিতীয় ইনিংসেও উইকেট ভিন্ন আচরণ করেছে। এ কারণেই বড় রান করা কঠিন হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, সামর্থ্যের অভাব নেই। সবারই ২০০ করার ক্ষমতা আছে। আগের আসরগুলোতে হয়েছে, এবার হয়নি। একাধিক ভেন্যুতে খেলা হলে উইকেট প্রস্তুত করাও সহজ হয় সিলেটে অতিরিক্ত ম্যাচ হওয়ায় শেষদিকে উইকেট থেকে তেমন সহায়তা পাওয়া যায়নি বলেই মনে করেন ইমন।
রান তাড়া প্রসঙ্গে ইমনের মূল্যায়ন, লক্ষ্যটা খুব কঠিন ছিল না। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা আলাদা আচরণ করেছে। প্রথম ইনিংসের তুলনায় বল একটু বেশি বাউন্স করছিল। তাঁর মতে, কয়েকটি বাউন্ডারি এলেই তাড়া করা আরও সহজ হয়ে যেত।
এলিমিনেটরে সিলেট টাইটান্সের খেলা নিশ্চিত হলেও হারলেই বাদ পড়তে হবে। চাপের বিষয়টি মাথায় না নিয়ে স্বাভাবিক খেলাতেই বিশ্বাস রাখছেন ইমন। তাঁর মতে, জয়ের মানসিকতা থাকতেই হবে, তবে বাড়তি চাপ নিলে নকআউট ম্যাচ আরও কঠিন হয়ে যায়। স্বাভাবিক প্রক্রিয়ায় খেলতে পারলেই ভালো ফল আসবে বলে মনে করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/টিএ






















