
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। তার মতে, বর্তমানে বোর্ডে যা চলছে, তা ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে মিলছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আফতাব বলেন, ক্রিকেট বোর্ডে এখন এমন অবস্থা তৈরি হয়েছে, যা দেখলে মনে হয় কোনো খেলাধুলার সংস্থা নয়। তার মতে, কেউ যদি টাকা খরচ করে এই অবস্থা দেখতে যান, তবুও তা বৃথা যাবে না। দেশের সবচেয়ে বড় ‘সার্কাস’ এখন ক্রিকেট বোর্ডেই হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত কয়েক বছরে নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে। দীর্ঘ সময় সভাপতি থাকার পর নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়েন। এরপর ২০২৪ সালে সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। পরে ২০২৫ সালে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল।
তবে সেই নির্বাচন নিয়েই ওঠে নানা অনিয়মের অভিযোগ। তদন্তের পর জাতীয় ক্রীড়া পরিষদ ওই পর্ষদ ভেঙে দেয়। এরপর নতুন করে ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এই পরিবর্তনের পরও পরিস্থিতি স্থিতিশীল হয়নি বলে মনে করেন আফতাব। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার জানান, সেখানে তিনি নিয়মিত ক্রিকেট নিয়ে কাজ করছেন। কিন্তু সেখানকার বোর্ডের ভেতরের বিষয় বা সদস্যদের নিয়ে কোনো আলোচনা তেমন শোনা যায় না।
তার মতে, বাংলাদেশে পরিস্থিতি ভিন্ন। এখানে কোনো ঘটনা ঘটলেই তা দ্রুত আলোচনায় চলে আসে। গণমাধ্যমের কারণে মানুষ চাইলে না চাইলে সব তথ্য জেনে যায়। এতে বোর্ডের প্রতিটি বিষয়ই জনসমক্ষে চলে আসে এবং বিতর্ক আরও বাড়ে।
আফতাব বলেন, এই অবস্থায় দেশের ক্রিকেট কতটা এগোতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বর্তমান পরিস্থিতিতে খেলাধুলার চেয়ে বিতর্কই বেশি আলোচনায় থাকছে বলেও মনে করেন তিনি।
সবশেষে তিনি বলেন, এই অবস্থা কতদিন চলবে তা বলা কঠিন। তবে দেশের ক্রিকেটের স্বার্থে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন।
ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৬/টিএ





















