
ঢাকা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি এই ভোট উৎসবে যোগ দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। ইনজুরি আক্রান্ত হাতে ব্যান্ডেজ নিয়ে ভোট দিতে আসা থেকে শুরু করে শৈশবের স্মৃতিচারণ— সব মিলিয়ে ভোটের মাঠে সরব উপস্থিতি ছিল তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদুল হাসান জয়দের।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল নিজ শহর চট্টগ্রাম থেকে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালে ভোটকেন্দ্রে পৌঁছে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট দেন। এসময় তাকে বেশ উৎফুল্ল দেখা যায়। তামিম ছাড়াও নুরুল হাসান সোহান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলিও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
আবেগঘন সাইফউদ্দিন
ফেনীতে ভোট দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি জানান, শৈশবের মাটিতে ভোট দেওয়াটা তার কাছে কেবল নাগরিক দায়িত্ব নয় বরং শেকড়ের কাছে ফেরার মতো।
সাইফউদ্দিন লেখেন, এটা শুধু একটা ভোট নয়, এটা নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি, নিজের দায়িত্বকে অনুভব করার এক নীরব গর্ব। ছোটবেলার স্মৃতি, আজকের সিদ্ধান্ত— এই দুটো একসঙ্গে মিলেই আজকের দিনটা আমার কাছে আলাদা।
ব্যান্ডেজ হাতে কেন্দ্রের জয় এবারের নির্বাচনে আকর্ষণের কেন্দ্রে ছিলেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়।
সদ্য সমাপ্ত অদম্য কাপ-এর ফাইনালে ইনজুরির কারণে খেলতে না পারলেও জাতীয় দায়িত্ব পালন করতে ভোলেননি তিনি। হাতে ব্যান্ডেজ নিয়েই ভোটকেন্দ্রে হাজির হয়ে প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জয়। জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই তরুণ ক্রিকেটার।
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৬/এসএ



























