
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিয়েছেন বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার। যেখানে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন পারভেজ হোসেন ইমন। তবে আসরের মাঝপথেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই টাইগার ব্যাটার।
কাঁধের চোটের কারণে লাহোরের হয়ে বাকি আসরে আর খেলা হচ্ছে না ইমনের। আজ শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
বিবৃতিতে লাহোর জানায়, কাঁধের চোটের কারণে পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে চোট পান ইমন।
লাহোরের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলতে পারেননি ইমন। এরপরেই তার চোটের বিষয়টি সামনে আসে। তার কাঁধের এমআরআই স্ক্যান করানোর পর দেখা যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে। যার ফলে আগামী কয়েক সপ্তাহ আর মাঠে নামা হচ্ছে না তার। এই কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন এই বাংলাদেশি ব্যাটার।
টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে লাহোরের জার্সিতে ৩টি ম্যাচ খেলেছেন ইমন। আসরের শুরুর দিকে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। অভিষেক ম্যাচে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ১৩ বলে ১৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে করেন ১২ বলে ১২ রান।
টানা দুই ম্যাচে বাজে খেলার পরও তার ওপর আস্থা হারায়নি ফ্রাঞ্চাইজিটি। তৃতীয় ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষেও সুযোগ পান তিনি। তবে তৃতীয় সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি এই টাইগার ব্যাটার। মুলতানের বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে ব্যাট হাতে ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইমন। এই ইনিংসের সুবাধে সুপারপাওয়ার অব দ্য ম্যাচ পুরস্কারও জিতেছিলেন তিনি। সবমিলিয়ে ৩ ম্যাচে ২৩.৬৭ গড় ও ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেই পিএসএলে তার অভিষেক আসর শেষ হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৬/বিটি




















