Connect with us
ক্রিকেট

পিএসএল থেকে ছিটকে পড়ে আবেগঘন বার্তা দিলেন ইমন

Emon shared an emotional message after being ruled out of the PSL.
চোটের কারণে পিএসএল শেষ ইমনের। ছবি- লাহোর কালান্দার্স

চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন। পিএসএলে প্রথমবারের মতো লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন তিনি। তবে কাঁধের চোটের কারণে আসরের মাঝপথেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই টপঅর্ডার ব্যাটার।

আজ শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে ইমনের ছিটকে পড়ার খবর জানিয়েছে লাহোর কালান্দার্স। বিবৃতিতে ফ্রাঞ্চাইজিটি জানায় জানায়, কাঁধের চোটের কারণে পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে চোট পান ইমন।

পিএসএল থেকে ছিটকে পড়ে আবেগঘন বার্তা দিয়েছেন ইমন। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ইমন লিখেছেন, ‘প্রিয় কালান্দার্স সমর্থক। চোটের কারণে আমার পিএসএল শেষ হয়ে যাওয়ায় আমি সত্যিই বিধ্বস্ত। আমি এই সুযোগটির জন্য অনেক রোমাঞ্চিত ছিলাম এবং মনে হচ্ছিল আমি ছন্দ ফিরে পাচ্ছিলাম। তবে আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’



প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন ইমন। যে কারণে লাহোর কালান্দার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এছাড়া মাঠে থাকতে না পারলেও মাঠের বাইরে থেকেই দলকে সমর্থন দিয়ে যাবেন এই ওপেনার।

ইমন আরও বলেন, ‘এটা ছিল আমার প্রথম বিদেশি ফ্রাঞ্চাইজি এবং দলের মধ্যে কালান্দার্সের অসাধারণ ভ্রাতৃত্বে আমি কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাস এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি দুঃখিত যে এই মৌসুমে আপনাদের সাথে আর খেলা চালিয়ে যেতে পারব না। আমি সবসময় খেলা দেখব এবং দলকে সমর্থন করব।’

চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে ইমনকে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে লাহোরের জার্সিতে ৩টি ম্যাচ খেলেছেন ইমন। ৩ ম্যাচে ২৩.৬৭ গড় ও ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন এই টাইগার ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট