Connect with us
ফুটবল

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফায় তদন্তের দাবি মিসরের

Refere
আর্জেন্টিনা ম্যাচের রেফারিং তদন্তের দাবি মিসরের। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে অভিযোগ জমা দিয়ে ম্যাচের রেফারিং তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে ওই ম্যাচের দায়িত্বে থাকা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর সহকারীদের টুর্নামেন্টের বাকি ম্যাচে দায়িত্ব না দেওয়ার অনুরোধও করা হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা অভিযোগ করেছেন, রেফারির কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছে তারা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনেও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তাঁর অভিযোগ, ভিএআর ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিকতা ছিল না। এমনকি তিনি দাবি করেন, ম্যাচের ফল আগেই নির্ধারিত ছিল এবং রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল। তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।



মিসরের আপত্তি মূলত দুটি সিদ্ধান্ত নিয়ে। প্রথমটি, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে তাদের করা গোল বাতিল করা হয়। দ্বিতীয়টি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ থাকলেও সেই মুহূর্তটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি।

এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অভিযোগের বিষয়ে সংস্থাটি কী সিদ্ধান্ত নেয়, এখন সেটিই দেখার অপেক্ষায় রয়েছে মিসর।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল