
বিশ্বকাপ শুরুর আগেই প্রস্তুতিতে বাধার মুখে পড়েছে ডিআর কঙ্গো। দেশটিতে ইবোলা রোগের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের কারণে চিলির বিপক্ষে তাদের নির্ধারিত প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।
আগামী ৯ জুন স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর লা লিনিয়ায় ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে স্থানীয় প্রশাসন শেষ পর্যন্ত খেলার অনুমতি দেয়নি। শহরটির মেয়র হুয়ান ফ্রাঙ্কো জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচটি বাতিল করা হয়েছে। পৌরসভার প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও ম্যাচ আয়োজন না করার পরামর্শ দিয়েছিলেন।
দীর্ঘ অপেক্ষার পর এবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। ১৯৭৪ সালে জায়ারে নাম নিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার পর এই প্রথম তারা আবার ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলবে। তাই বিশ্বকাপের আগে প্রতিটি প্রস্তুতি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
চিলির বিপক্ষে ম্যাচটি না হলেও প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলটি। আজ রাতে বেলজিয়ামের লিয়েজ শহরে ডেনমার্কের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
গত মাসে ডিআর কঙ্গোর কিছু এলাকায় ইবোলা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর দেশটিতে পরিকল্পিত অনুশীলন শিবিরও বাতিল করা হয়। এরপর থেকে দলটি বেলজিয়ামেই অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে গত ২২ মে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানায়, ডিআর কঙ্গো থেকে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ স্বাস্থ্যবিধি মানতে হবে। বিশ্বকাপে অংশ নিতে হলে দেশটিতে অবস্থান করা খেলোয়াড়দের ২১ দিন আলাদা পর্যবেক্ষণে থাকতে হবে। এরপরই তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন।
তবে ডিআর কঙ্গো দলের জন্য বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়ায়নি। দলের মুখপাত্র জেরি কালেমো জানিয়েছেন, বিশ্বকাপ দলে থাকা সব খেলোয়াড়ই ইউরোপ ও অন্যান্য দেশের বিভিন্ন ক্লাবে খেলেন। মৌসুম শেষ হওয়ার পর কেউ দেশে ফেরেননি।
বিশ্বকাপে ‘কে’ গ্রুপে খেলবে ডিআর কঙ্গো। ১৭ জুন তাদের প্রথম প্রতিপক্ষ পর্তুগাল। এরপর ২৩ জুন কলম্বিয়া এবং ২৭ জুন উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। প্রতিযোগিতাটি চলবে ১৯ জুলাই পর্যন্ত। যৌথভাবে আসরটির আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
ক্রিফোস্পোর্টস/৩জুন২৬/টিএ





















