জিম্বাবুয়ে সফরটা বাংলাদেশের জন্য মোটেও সুখকর ছিল না। টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর একদিনের সিরিজেও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও। তবে এসব সমালোচনায় বিচলিত নন তিনি। তার মতে, একটি খারাপ সিরিজ দিয়ে পুরো দলের পারফরম্যান্স বিচার করা ঠিক হবে না।
দেশে ফিরে বিমানবন্দরে আশরাফুল বলেন, গত কয়েক মাসে বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। তাই একটি সিরিজ খারাপ যাওয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি। তার মতে, একটি টেস্ট ও একটি সিরিজ খারাপ হতে পারে, কিন্তু এর আগে টানা কয়েকটি টেস্টে ব্যাটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
সামনের অস্ট্রেলিয়া সফর নিয়েও আশাবাদী আশরাফুল। তিনি জানান, বাংলাদেশ দল নির্ধারিত সময়ের আগেই সেখানে যাবে। প্রস্তুতির জন্য একটি তিন দিনের ম্যাচও খেলবে। এতে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ মিলবে বলে মনে করেন তিনি।
জিম্বাবুয়ে সফরের হতাশাজনক ফল নিয়ে খেলোয়াড়দের মনোবল ভেঙে পড়ার কোনো কারণ দেখছেন না আশরাফুল। তিনি বলেন, বিদেশের ভিন্ন পরিবেশে খেলতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে কয়েকজন তরুণ ক্রিকেটারের জন্য এই সফর ছিল শেখার বড় সুযোগ।
তিনি মনে করেন, এই সফরে ইতিবাচক দিকও ছিল। তানজিম তামিম ধারাবাহিকভাবে রান করেছেন এবং ইয়াসির রাব্বিও প্রত্যাবর্তনের পর ভালো খেলেছেন। এসব বিষয় ভবিষ্যতের জন্য দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই বিশ্বাস তার।
২০২৭ সালের একদিনের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়েও খুব বেশি চাপ নিচ্ছে না বাংলাদেশ দল। আশরাফুল জানান, তাদের লক্ষ্য একেকটি সিরিজ ধরে এগিয়ে যাওয়া। সামনে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। সেই ম্যাচগুলোতে ভালো খেলেই আবার ছন্দে ফিরতে চায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৬/টিএ



