
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে এখন পর্যন্ত মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে সমর্থকদের আগ্রহ থাকলেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। চোটের কারণে পুরো মৌসুমজুড়েই মাঠের বাইরে আছেন তিনি। তবে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, বিশেষ একটি পরিস্থিতি তৈরি হলে ধোনিকে বিদায়ী ম্যাচ খেলতে দেখা যেতে পারে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, চেন্নাই যদি শেষ পর্যন্ত প্লে-অফের লড়াইয়ে টিকে থাকে, তাহলে ধোনির মাঠে ফেরার সম্ভাবনা খুব কম। কারণ বর্তমান দল নিয়ে ভালোভাবেই এগোচ্ছে চেন্নাই এবং এই অবস্থায় দলে বড় পরিবর্তন আনার ঝুঁকি নিতে চাইবে না তারা।
তবে চেন্নাই যদি পরবর্তী তিন ম্যাচের মধ্যে দুটি হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করেন অশ্বিন। সেক্ষেত্রে ঘরের মাঠে ধোনিকে একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে।
অশ্বিন বলেন, ‘চেন্নাই যদি বিদায় নিশ্চিত করে ফেলে, তাহলে সমর্থকদের সামনে ধোনিকে শেষবার মাঠে নামানোর সুযোগ তৈরি হতে পারে। তবে দল যদি শেষ চারের লড়াইয়ে থাকে, তাহলে তার খেলার সম্ভাবনা খুবই কম।’
মৌসুম শুরুর আগেই কাফের চোটে পড়েন ধোনি। এরপর থেকে দলের সঙ্গে থাকলেও এখনো পুরোপুরি ম্যাচ খেলার মতো অবস্থায় ফিরতে পারেননি তিনি। নিয়মিত অনুশীলন করছেন, ব্যাটিংও করছেন, তবে চেন্নাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না।
এর আগে দলের ব্যাটিং কোচ মাইকেল হাসিও জানিয়েছিলেন, ধোনি ইচ্ছা করেই কিছুটা আড়ালে থাকছেন। তার মতে, ধোনির উপস্থিতি অনেক সময় তরুণ ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই দলকে স্বাভাবিকভাবে খেলতে সুযোগ দিতেই নিজেকে কিছুটা দূরে রেখেছেন তিনি।
বর্তমানে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ চারে জায়গা করে নিতে হলে বাকি চার ম্যাচের অন্তত তিনটিতে জিততেই হবে দলটিকে।
গত মৌসুমে ১৪ ম্যাচ খেলে ১৯৬ রান করেছিলেন ধোনি। বয়স ও চোট নিয়ে আলোচনা থাকলেও আগামী মৌসুমের জন্যও তাকে দলে রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস। ফলে সমর্থকদের মনে এখনো আশা রয়েছে, হয়তো আরেকবার মাঠে দেখা যাবে ভারতের অন্যতম সফল এই অধিনায়ককে।
ক্রিফোস্পোর্টস/৭মে২৬/টিএ





















