Connect with us
ক্রিকেট

রাজশাহীর বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা

Dhaka vs Rajshahi
টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সিলেটে দিনের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

এর আগে সিলেট টাইটান্সকে হারানো আগের একাদশেই ভরসা রেখে ব্যাটিংয়ে নামছে রাজশাহী। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে রাজশাহী ওয়ারিয়র্স বিশ্রামেরও  সময় খুব বেশি পায়নি। সিলেটের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ জয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই আবার মাঠে নামতে হচ্ছে তাদের। তবে বড় জয়ের আত্মবিশ্বাস আর ম্যাচ–পরবর্তী বোনাসে দলটা বেশ ফুরফুরে মেজাজেই আছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই দ্বিতীয় ম্যাচেও একাদশে কোনো পরিবর্তন আনেনি নাজমুল হোসেন শান্তর দল।



অন্যদিকে বিপিএলে নিজেদের অভিযান শুরু করছে ঢাকা। শুরুটা জয় দিয়ে করতে চান অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস জিতে তিনি জানান, রাজশাহীকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকে রাখাই তাদের লক্ষ্য। যদিও আগের ম্যাচে ১৯০ রান তাড়া করে জেতা রাজশাহীর বিপক্ষে কাজটা যে সহজ হবে না, সেটা ভালোই জানা ঢাকার শিবিরে।

রাজশাহীর ব্যাটিং লাইনআপে আক্রমণাত্মক শুরু এনে দিতে পারেন শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। গত ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম আবার ছন্দে থাকলে ঢাকার বোলারদের জন্য চাপ বাড়বে। মাঝের ওভারে মোহাম্মদ নাওয়াজ, ইয়াসির আলী রাব্বি ও এসএম মেহেরব রাজশাহীর ইনিংসকে এগিয়ে নেওয়ার সামর্থ্য রাখেন। বল হাতেও দলটি বেশ ভারসাম্যপূর্ণ। বিনুরা ফার্নান্দো, সন্দ্বীপ লামিচানে ও তানজিম হাসান সাকিব যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

তবে রাজশাহীর বড় চ্যালেঞ্জ হবে রান তোলার ধারাবাহিকতা ধরে রাখা। কারণ রাতে শিশির পড়লে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ হয়ে যায়। এতে সুবিধা পেতে পারে ঢাকা। ব্যাটিংয়ে তাদের দলে আছে সাইফ হাসান, উসমান খান, সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর মতো আগ্রাসী ক্রিকেটাররা।

বোলিং বিভাগেও ঢাকার ভরসা সাইফউদ্দিন ও ইমাদ। তাদের সঙ্গে সালমান মীর্জাকে ঘিরেও প্রত্যাশা আছে দলের। সব মিলিয়ে স্বল্প বিশ্রাম আর শিশিরের প্রভাব মিলিয়ে ম্যাচটা যে দুদলের জন্যই কঠিন হতে যাচ্ছে, তা বলাই যায়।

ঢাকা ক্যাপিটালস একাদশ: সাইফ হাসান, উসমান খান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সালমান মীর্জা ও জিয়াউর রহমান।

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও সন্দ্বীপ লামিচানে।

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট