
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল শেষে ব্যালন ডি’অর দৌড়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আর্সেনাল ও পিএসজি ফাইনালে ওঠার পর সেরা ফুটবলারের তালিকায় শীর্ষ অবস্থানগুলোতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন উসমান দেম্বেলে। পিএসজির এই ফরোয়ার্ড মৌসুমজুড়ে ভালো পারফরম্যান্স করলেও নকআউট পর্বে শেষ কয়েক ম্যাচে দুর্দান্ত খেলেন তিনি। শেষ তিন ম্যাচে পাঁচ গোল করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন দেম্বেলে।
দ্বিতীয় স্থানে আছেন হ্যারি কেইন। যদিও তার দল বায়ার্ন মিউনিখ ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে, তবুও পুরো মৌসুমজুড়ে তার গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান তাকে এখনো শক্ত প্রতিদ্বন্দ্বী করে রেখেছে।
তৃতীয় স্থানে উঠে এসেছেন আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস। দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার পারফরম্যান্স আর্সেনালের অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে। শিরোপা জিততে পারলে তিনি আরও এগিয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
চতুর্থ স্থানে আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। মৌসুমের শেষ দিকে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও আগের পারফরম্যান্সে তিনি নজর কেড়েছেন। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান উল্লেখযোগ্য।
পঞ্চম স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। কোনো বড় শিরোপা না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ধারাবাহিক ছিলেন। প্রায় পঞ্চাশটির মতো গোল অবদান রয়েছে তার। সামনে জাতীয় দলের বড় টুর্নামেন্ট থাকায় তিনি এখনো দৌড়ে আছেন।
বিশ্লেষকদের মতে, এবার বিশ্বকাপ বছরের কারণে ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের পারফরম্যান্সও ব্যালন ডি’অর নির্ধারণে বড় ভূমিকা রাখবে। ফলে শেষ পর্যন্ত তালিকায় আরও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
ক্রিফোস্পোর্টস/৭মে২৬/টিএ




















