
মাঠের বাইরের এক ঘটনায় এবার আলোচনায় উঠে এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক হয়েছেন তিনি। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।
গত রোববার (৫ এপ্রিল) ঘটেছে এই ঘটনা। সিডনির মারুব্রা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশির সময় আটক হন ওয়ার্নার। পুলিশের পরীক্ষার পর তার রক্তে অ্যালকোহল পাওয়া যায়। আর তাতেই আটক করে পুলিশ।
পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের ব্রেথ টেস্ট সাইটের ঠিক কিছুটা আগে একটি গাড়ি থামতে দেখা যায়। এরপর সেখানে ছুটে যায় পুলিশ। সেখানে চালকের আসনে ছিলেন ওয়ার্নার। এরপর পুলিশের প্রাথমিক পরীক্ষায় তাঁর শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।
প্রাথমিক পরীক্ষায় পজিটিভ আসার পর ওয়ার্নারকে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে পুনরায় তার পরীক্ষা চালানো হয়। এরপর তার শরীরে ০.১০৪ মাত্রায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। নিউ সাউথ ওয়েলসের নির্ধারিত আইন অনুযায়ী এই তার শরীরে অ্যালকোহলের মাত্রা ছিল দ্বিগুণেরও বেশি। ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার অ্যালকোহল রক্তে থাকলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
আগামী ৭ মে আদালতে হাজিরা দিতে হবে ওয়ার্নারকে। এই অপরাধের শাস্তি হিসেবে বড় অংকের জরিমানা এমনকি জেলও হতে পারে এই সাবেক অজি ওপেনারের।
এদিকে চলমান পিএসএলে করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়ার্নার। তার অধীনের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে করাচি। মাঝে কয়েকদিনের বিরতি থাকায় সিডনিতে ফিরেছিলেন তিনি। আর সেখানেই ঘটে যায় এই ঘটনা।
আগামী ৯ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা রয়েছে ওয়ার্নারের। আসন্ন এই ম্যাচের আগে করাচিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এই তারকার।
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৬/বিটি




















