
আমিনুল ইসলাম বুলবুলের কমিটির বিলুপ্তির পর তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েছে অ্যাডহক কমিটি। নতুন কমিটি দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে। বিসিবির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিসিবির এই সিদ্ধান্তের প্রশংসা করেছে কোয়াব। বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, ‘ক্রিকেটের সাম্প্রতিক সংকট বিবেচনায় রেখে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি দেশের ঘরোয়া নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি ও মাসিক পারিশ্রমিক বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আনন্দিত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করছে কোয়াব।’
কোয়াব আরও জানায়, ‘স্থানীয় ক্রিকেটের ম্যাচ ফি ও মাসিক পারিশ্রমিক বাড়ানোর এই উদ্যোগ নিশ্চিতভাবেই দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার পথে কার্যকর ভূমিকা রাখবে। যা হয়তো অচিরেই দৃশ্যমান হবে।’
পুরুষ ও নারী উভয় ক্রিকেটারদেরই ম্যাচ ফি ও বেতন বাড়িয়েছে বিসিবি। নতুন কাঠামোতে তিনটি ক্যাটাগরিতে পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার থেকে বাড়িয়ে ৬৫ হাজার টাকা করা হয়েছে।
‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ২০ হাজার বাড়িয়ে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ১৫ হাজার বাড়িয়ে ৪০ হাজার টাকা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ৭০ হাজার টাকা।
এদিকে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি লংগার ভার্সনে ২০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং টি-টোয়েন্টিতে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চুক্তিবদ্ধ ৩০ থেকে ৩৫ জন নারী ক্রিকেটারের মাসিক বেতন ১০ হাজার বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।
দেশের ক্রিকেটের উন্নয়নে ভবিষ্যতেও বিসিবির এমন কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কোয়াব। তারা জানায়, ‘কোয়াবের প্রত্যাশা, দেশের ক্রিকেটের ইতিবাচক প্রসারে এমন যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া অব্যাহত রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান এডহক কমিটি। দেশের ক্রিকেটের ইতিবাচক যে কোনো সিদ্ধান্তে সবসময় সমর্থন দেবে কোয়াব।’
গত মঙ্গলবার (৭ এপ্রিল) বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করে এনএসসি।
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৬/বিটি




















